নিজস্ব প্রতিবেদক:
প্রতিহিংসা, বিভেদ কিংবা সংঘাতের রাজনীতি নয়; পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে পবা উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
রোববার (২৯ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সার ডিলারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। সভা পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

সার ডিলারদের উদ্দেশে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, সার বিতরণের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা কৃষক হয়রানি করা যাবে না। প্রকৃত কৃষক যেন সহজে ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে এমপি মিলন বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকৃত কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া গেলে কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও কারাবাসের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অতীতে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। কেউ অন্যায় করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। তবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হবে না। সমাজে মব কালচার ও আগুন সন্ত্রাসের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করে এমপি মিলন বলেন, নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও কারিগরি দক্ষতায় গড়ে তুলতে হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে। সড়ক ও ট্রাফিক আইন মেনে চলাসহ নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিও গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সার ডিলারদের সরকারি নীতিমালা ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষক হয়রানি বরদাশত করা হবে না। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও ডিলারদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।










