নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ১টার দিকে ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে এবার ভূমি অফিসে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে সাড়ে ১২টার দিকে তিনি পবার পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ভূমি অফিস পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
জেলা প্রশাসক বলেন, বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নৈশপ্রহরী মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সরকারি স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় রোববার রাতে উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে। তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অপর দুটি বিস্ফোরিত হয়নি। নৈশপ্রহরী ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও বলেন, সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয়। কোথাও কোনো দুর্বৃত্তের সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। পবা উপজেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।










