সিল্কসিটিনিউজ ডেস্ক:
হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উঠেছে বাসাবাড়িসহ বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও ছাত্রাবাসেও। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

আরামবাগ এলাকার সাফি বলেন, আগে অনেক বৃষ্টি হলেও বাসাবাড়িতে কখনো পানি ওঠেনি। এবার বৃষ্টিতে বাসাবাড়িতে পানি উঠে গেছে। ফলে ঘরের জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছি। পৌরসভা কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম বলেন, রাত ৯ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত একাধারে বৃষ্টি হয়েছে। তাই পৌরসভা ডুবে গেছে। আস্তে আস্তে বৃষ্টির পানি নেমে যাবে। ড্রেনের আউটলেটে যে পাইপ দেওয়া আছে তাতে এ পানি নামতে সময় লাগবে।
সূত্র: ঢাকা পোস্ট









