লাইফ স্টাইল

যে সহজ ১২টি উপায়ে বাড়াতে পারেন পানিপানের পরিমাণ

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬৫ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই পানি। তাই সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি।

পানি শরীরে অনেক কাজ করে। এটি শরীরের লবণের ভারসাম্য ঠিক রাখে।

রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। জয়েন্ট নরম রাখে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কোষকে সুস্থ রাখে।

সবাই জানে পানি পান করা দরকার। কিন্তু অনেক সময় নিয়ম করে পানি খাওয়া কঠিন হয়ে যায়।

পানি বেশি পান করার ১২টি সহজ উপায় নিচে দেওয়া হলো।

১. শরীরের পানির চাহিদা বুঝুন

পানি বেশি পান করার আগে আপনার শরীরের কতটা পানি দরকার, তা বুঝতে হবে।

সাধারণভাবে বলা হয়, দিনে ৬৪ আউন্স বা ৮ গ্লাস পানি পান করা উচিত। কিন্তু এটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে নির্ভরযোগ্য নয়।

ন্যাশনাল একাডেমি অব মেডিসিন বলছে, পুরুষদের দিনে প্রায় ১২৫ আউন্স এবং নারীদের প্রায় ৯০ আউন্স তরল গ্রহণ করা উচিত। এতে পানি, অন্যান্য পানীয় এবং খাবারের পানি সবই ধরা হয়েছে।

তবে তারা এটাও বলেছে, সবার জন্য এক নিয়ম ঠিক নয়।

কারণ এটি নির্ভর করে ব্যক্তির কাজের ধরন, কোথায় থাকেন, স্বাস্থ্যের অবস্থা ইত্যাদির ওপর।
বেশিরভাগ মানুষের জন্য তৃষ্ণা লাগলে পানি পান করলেই চাহিদা পূরণ হয়। তবে কেউ যদি নিয়মিত ব্যায়াম করেন, বাইরে কাজ করেন বা গরম জায়গায় থাকেন, তাহলে বেশি পানি লাগতে পারে।

২. প্রতিদিনের লক্ষ্য ঠিক করুন

প্রতিদিন কতটুকু পানি পান করবেন, একটি লক্ষ্য ঠিক করুন। এতে পানি পান বাড়তে পারে। নির্দিষ্ট লক্ষ্য থাকলে তা পূরণ করার উৎসাহ থাকে। এতে ভালো অভ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে।

লক্ষ্য এমন হওয়া উচিত যা নির্দিষ্ট, মাপা যায়, অর্জন করা সম্ভব, বাস্তবসম্মত এবং সময় নির্ধারিত। যেমন, আপনি লক্ষ্য রাখতে পারেন দিনে ৩২ আউন্স বা ৯৬০ মিলিলিটার পানি পান করবেন। আপনার অগ্রগতি লিখে রাখলেও উপকার হবে। এতে লক্ষ্য পূরণে আগ্রহ বাড়ে এবং অভ্যাস তৈরি হয়।

৩. সাথে পানির বোতল রাখুন

সারাদিন সঙ্গে পানির বোতল রাখলে বেশি পানি খাওয়া সহজ হয়। বাইরে কাজ, ভ্রমণ বা বাসা- যেখানেই থাকুন, সহজে পানি পান করা যায়। চোখের সামনে গ্লাস বা বোতল রাখুন। এতে বারবার পানি খাওয়ার কথা মনে পড়বে। এটি পরিবেশের জন্যও ভালো। কারণ এতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের ব্যবহার কমে।

৪. মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা করুন
মোবাইল অ্যাপ বা অ্যালার্ম ব্যবহার করে পানি খাওয়ার জন্য মনে করিয়ে দিতে পারেন। যেমন, প্রতি ঘণ্টায় এক গ্লাস পানি শেষ করার জন্য মনে করিয়ে দিবে এমন এলার্ম দিতে পারেন। এতে পানি খাওয়ার পরিমাণ বাড়বে। বিশেষ করে যখন আপনি যদি ভুলে যান বা খুব ব্যস্ত থাকেন।

৫. অন্য পানীয়ের বদলে পানি পান করুন

সোডা জাতীয় পানীয়ের বদলে পানি পান করুন। এ ধরনের পানীয়ে অনেক বাড়তি চিনি থাকে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য ভালো রাখতে দৈনিক মোট ক্যালরির ৫ শতাংশের কম চিনি খাওয়া উচিত। কিন্তু মাত্র এক কাপ সোডা এই সীমা ছাড়িয়ে যেতে পারে। বেশি চিনি খেলে স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে।

৬. খাবারের আগে এক গ্লাস পানি পান করুন

প্রতিবার খাবারের আগে এক গ্লাস পানি পান করার অভ্যাস করুন। দিনে ৩ বার খাবার খেলে এতে অতিরিক্ত ৩ কাপ বা ৭২০ মিলিলিটার পানি পান করা হয়ে যায়। অনেক সময় শরীর তৃষ্ণাকে ক্ষুধা মনে করে। খাবারের আগে পানি খেলে আসল ক্ষুধা বোঝা সহজ হয়। ওজন কমাতে চাইলে এটিও কাজে লাগে। কারণ এতে পরের খাবারে কম ক্যালরি খাওয়া হতে পারে।

৭. পানি ছাঁকনি বা ফিল্টার ব্যবহার করুন

অনেক দেশে কলের পানি নিরাপদ। তবুও যদি সন্দেহ থাকে, পানি ছাঁকনি ব্যবহার করতে পারেন। বিভিন্ন দামের ছাঁকনি পাওয়া যায়। নিজের সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারেন। পানি ছেঁকে নিলে পানির স্বাদও ভালো হতে পারে।

৮. পানিতে স্বাদ যোগ করুন

যদি পানির স্বাদ ভালো না লাগে, তাহলে শসা-লেবু, লেবু, বা স্ট্রবেরি-কিউই মিশিয়ে পানিতে স্বাদ আনা যায়। নিজের পছন্দমতো ফলও ব্যবহার করতে পারেন। পাউডার বা তরল স্বাদযুক্ত উপাদানও ব্যবহার করা যায়। তবে এগুলোতে চিনি বা ক্ষতিকর উপাদান থাকতে পারে, তাই সতর্ক থাকতে হবে।

৯. অফিসে প্রতি ঘণ্টায় এক গ্লাস পানি পান করুন

আপনি যদি ৮ ঘণ্টা কাজ করেন, তাহলে প্রতি ঘণ্টায় এক গ্লাস পানি পান করলে দিনে ৮ গ্লাস পানি হয়ে যায়। অফিসে পৌঁছে গ্লাস ভরে রাখুন। প্রতি ঘণ্টায় পানি শেষ করে আবার ভরে নিন। এতে সারাদিন পানি পান করা সহজ হবে।

১০. সারাদিন অল্প অল্প করে পানি পান করুন

সারাদিন অল্প অল্প করে পানি পান করুন। এতে মুখ শুকিয়ে যায় না। শ্বাসও সতেজ থাকে।

১১. পানিযুক্ত খাবার বেশি খান

পানি বেশি পেতে এমন খাবার খান যেগুলোতে পানি বেশি থাকে। যেমন-
লেটুসে ৯৬ শতাংশ পানি
সেলারিতে ৯৫ শতাংশ পানি
জুকিনিতে ৯৫ শতাংশ পানি
বাঁধাকপিতে ৯২ শতাংশ পানি
তরমুজে ৯১ শতাংশ পানি
খরমুজে ৯০ শতাংশ পানি
এগুলোতে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। যা শরীরকে সুস্থ রাখে।

১২. ঘুম থেকে উঠে এবং ঘুমানোর আগে পানি পান করুন

ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন। আবার ঘুমানোর আগে এক গ্লাস পান করুন। সকালে ঠান্ডা পানি খেলে ঘুম কাটে। ঘুমানোর আগে পানি খেলে মুখ শুকিয়ে যাওয়া এবং খারাপ গন্ধ হওয়া কমে।

সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। ন্যাশনাল একাডেমি অব মেডিসিন বলছে, বেশিরভাগ মানুষের দিনে ৯০ থেকে ১২৫ আউন্স বা ২৭০০ থেকে ৩৭০০ মিলিলিটার তরল দরকার। তবে নিয়ম করে পানি পান করা অনেকের জন্য কঠিন। বিশেষ করে যারা ব্যস্ত, ভুলে যান বা পানির স্বাদ পছন্দ করেন না। তাদের এই ১২টি সহজ উপায় মেনে চললে প্রতিদিনের পানি পানের পরিমাণ বাড়ানো সম্ভব।

সূত্রঃ হেলথ লাইন