নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় কুশুম্বা মেলা শেষে এবার ভারশোঁ ইউনিয়ন মৎস্য সমিতি জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আনন্দ মেলার নামে চলছে অবাধে জুয়া ও অশ্লীল নৃত্য। মেলার প্রধান আকর্ষণ ‘দৈনিক পদ্মা র্যাফেল ড্র’। পুরস্কারের লোভে স্বল্প আয়ের মানুষরা তাদের কষ্টার্জিত ২০ টাকা মূল্যের টিকিট কিনে নিঃস্ব হচ্ছেন। টিকিট কিনতে উৎসাহিত করতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ক্যাবল টেলিভিশন।
এদিকে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত মেলায় মাইক ও বড় বড় সাউন্ড বক্স ব্যবহার করে উচ্চ শব্দে চলতি এইচএসসি ও আলীম পরীক্ষার্থীসহ কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এলাকার উন্নয়নের নামে স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দ প্রভাব খাটিয়ে ১০-১২জন নিজেদের পকেটস্থ করতে মেলার আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ। অবিলম্বে মেলা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

জানা গেছে, ভারশোঁ ইউনিয়ন মৎস্য সমিতির নামে ১২দিনের জন্য আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের পাশে গত ২৭ মার্চ থেকে আনন্দ মেলায় অংশ নিয়েছে মিতা অলৌকিক জাদু চক্র গ্রুপ ও বিচিত্রা অনুষ্ঠান, অলৌকিক জাদু প্রদশর্ণী এবং সংগীতা অপেরা যাত্রা। এর পাশেই রাজশাহীর জুয়ারু আবদুল কাইয়ুমসহ চাঁপাই-নবাবগঞ্জের ৬টি অবৈধ জুয়ার আসরে প্রতিদিন জুয়া খেলা চলছে। জাদু প্রদর্শণী ও পুতুল নাচ এবং যাত্রার নামে ২০ থেকে ১০০ টাকার টিকিটে চলছে অর্ধ উলঙ্গ অশ্লীল নাচ-গান। মেলায় চলছে মদের আড্ডা। মদের তীব্র গন্ধে অতিষ্ট স্থানীয়রা। প্রতিনিয়ত মেলায় আগতদের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হচ্ছে।
গ্রামটি মূলত প্রতিষ্ঠান কেন্দ্রীক। যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজ, দাখিল মাদরাসা, কমিউনিটি ক্লিনিক, দুইটি মসজিদ এবং ইউনিয়ন পরিষদ রয়েছে। তিন প্রতিষ্ঠানের প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থী লেখাপড়া করে। মেলায় বেশির ভাগ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনাগোনা। এতে উঠতি বয়সি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও গ্রাম্য যুবকদের নিয়ে তাদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছে। এছাড়া এলাকায় চুরি-ডাকাতি হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।
দৈনিক পদ্মা র্যাফেল ড্র’র নামে ২০টাকা মূল্যের লটারির প্রচারিভিযান ৬০টি অটোরিক্সা, চার্জার ভ্যান বিভিন্ন এলাকায় অটোরিক্সায় করে মাইকিং করে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। রাত ১০টার পর স্থানীয় ক্যাবল টেলিভিশনের মাধ্যমে জেলার মান্দা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী জেলার তানোর উপজেলায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ঘড়ির কাঁটা রাত সাড়ে ৯টায় এলেই টিকিট ক্রেতারা বাড়িতে অথবা অন্যের বাড়িতে গিয়ে টেলিভিশনের সামনে অপেক্ষা করতে থাকেন তার টিকিট মেলানোর জন্য। এছাড়া বিভিন্ন স্থানে টেবিল-চেয়ার বসিয়ে টিকিট বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও রয়েছে।
মান্দা উপজেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান বলেন, কতিপয় কিছু সুবিধাভোগীরা এলাকার উন্নয়নের নামে মেলায় জুয়া ও অশ্লীল নাচ গান চালাচ্ছেন। এতে এলাকার উঠতি বয়সি ছেলেরা বিপথে যাওয়া আশংকা রয়েছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত উচ্চ শব্দে মাইকে গান বাজনা হওয়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসীর অসুবিধা হচ্ছে। মেলা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম চিতল বলেন, এলাকার উন্নয়নে আনন্দ মেলা চালানো হচ্ছে। তবে জুয়া ও লটারি বন্ধ করা হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোজ্জাম্মেল হক বলেন, রোববার মেলায় পুলিশ পাঠিয়ে জুয়া বন্ধ রাখা হয়েছে। তবে জাদু ও যাত্রার অনুমতি থাকায় তা চালানো হচ্ছে। আমরা নিয়ন্ত্রন করার চেষ্টা করছি।
স/অ










