সিল্কসিটিনিউজ ডেস্ক:
মানুষের মস্তিষ্কের বিকাশে মাংসই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—বিবর্তন নিয়ে আলোচনায় এমন ধারণা দীর্ঘদিন ধরেই প্রচলিত। তবে নতুন এক গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।
গবেষণাটি বলছে, ফল, মধু এবং পরে রান্না করা শর্করাজাতীয় খাবার মানুষের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘সায়েন্স’ সাময়িকীতে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকদের মতে, গত প্রায় ৪০ লাখ বছরে মানুষের মস্তিষ্কের আকার যে অসাধারণভাবে বেড়েছে, এর পেছনে নিয়মিত গ্লুকোজ সরবরাহের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।
কারণ মস্তিষ্কের কার্যক্রমের জন্য গ্লুকোজ শরীরের প্রধান জ্বালানি।
গবেষকরা অবশ্য প্রাণিজ খাবারের গুরুত্ব অস্বীকার করেননি। তাদের মতে, মাংসসহ প্রাণিজ খাবার থেকে পাওয়া প্রয়োজনীয় পুষ্টি মানুষের বিবর্তনে গুরুত্বপূর্ণ ছিল। তবে মস্তিষ্কের বাড়তি শক্তির চাহিদা পূরণে কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবারও বড় ভূমিকা পালন করে থাকতে পারে।
গবেষণায় মানুষের বিবর্তনের বিভিন্ন পর্যায়ের খাদ্যাভ্যাস বিশ্লেষণ করা হয়েছে। সেখানে প্রায় ৩০০ গ্রাম ওজনের মস্তিষ্কের অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিস থেকে শুরু করে আধুনিক হোমো স্যাপিয়েন্সের প্রায় ১ হাজার ৫০০ গ্রাম পর্যন্ত ওজনের মস্তিষ্কের বিবর্তন বিবেচনা করা হয়।
আকারে ছোট হলেও মানুষের মস্তিষ্ক শরীরের জন্য অত্যন্ত শক্তিখরচী একটি অঙ্গ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের মোট ওজনের মাত্র প্রায় ২ শতাংশ মস্তিষ্কের হলেও বিশ্রামের সময় শরীরের মোট শক্তির প্রায় ২০ শতাংশ মস্তিষ্ক ব্যবহার করে। শিশুদের ক্ষেত্রে এই চাহিদা আরো বেশি, যা মোট বিশ্রামকালীন শক্তির প্রায় ৬৬ শতাংশ পর্যন্ত হতে পারে।
গবেষকরা মানুষের বিবর্তনের ছয়টি পর্যায়ে সম্ভাব্য খাদ্যাভ্যাসের মডেল তৈরি করেন। এতে দেখা হয়, উদ্ভিদ ও প্রাণিজ খাবারের বিভিন্ন সমন্বয় শরীরের প্রয়োজনীয় গ্লুকোজের চাহিদা কতটা পূরণ করতে পারত।
গবেষণার ফল অনুযায়ী, প্রাথমিক মানব পূর্বপুরুষরা ফল ও অন্যান্য মিষ্টি খাবারের ওপর অনেক বেশি নির্ভরশীল ছিলেন। সে সময় তাদের মোট শক্তির ৬৫ শতাংশেরও বেশি শর্করা থেকে আসতে পারে বলে গবেষকরা ধারণা করছেন।
পরে মানুষ আগুন নিয়ন্ত্রণ করতে শেখে এবং খাবার রান্নার পদ্ধতি আয়ত্ত করে। এর ফলে শর্করা বা স্টার্চসমৃদ্ধ উদ্ভিদজাত খাবার আরো সহজে হজমযোগ্য হয়ে ওঠে। ধীরে ধীরে এসব খাবার ফলের প্রাকৃতিক চিনির পাশাপাশি গ্লুকোজের নির্ভরযোগ্য উৎস হয়ে ওঠে।
এই পরিবর্তন শুধু মস্তিষ্কের আকার বড় হওয়ার ক্ষেত্রেই নয়, প্রজনন ও শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি জোগাতেও সহায়তা করতে পারে।
মানুষের প্রাচীন খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পেতে গবেষকরা বিভিন্ন ধরনের প্রমাণও বিশ্লেষণ করেছেন। এর মধ্যে রয়েছে জীবাশ্ম দাঁত, দাঁতের ক্ষয়, স্থিতিশীল আইসোটোপের তথ্য, মানুষের রঙ দেখার ক্ষমতা এবং জেনেটিক গবেষণার ফল।
এসব তথ্য একসঙ্গে বিবেচনা করে গবেষকদের ধারণা, প্রাথমিক মানব পূর্বপুরুষদের শরীর কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাদ্যের সঙ্গে মানিয়ে নিয়েছিল। অর্থাৎ মানুষের বিবর্তনকে শুধু মাংসনির্ভর খাদ্যাভ্যাস দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।
গবেষণাপত্রে গবেষকরা আরও উল্লেখ করেছেন, মানুষের বর্তমান শারীরবৃত্তীয় ও শারীরিক বৈশিষ্ট্যের কিছু অংশও খাদ্য থেকে পাওয়া কার্বোহাইড্রেটের সঙ্গে দীর্ঘমেয়াদি অভিযোজনের ইঙ্গিত দেয়। এর মধ্যে মিষ্টি স্বাদ শনাক্ত করার রিসেপ্টর, তুলনামূলক ছোট দাঁত ও চোয়াল, অন্ত্রের বৈশিষ্ট্য এবং গ্লুকোজ বিপাকের সঙ্গে সম্পর্কিত কিছু জেনেটিক পরিবর্তন রয়েছে।
তবে এর অর্থ এই নয় যে মানুষের বিবর্তনে মাংসের কোনো ভূমিকা ছিল না। বরং গবেষণাটি মানুষের খাদ্যাভ্যাসের আরও বিস্তৃত একটি চিত্র তুলে ধরেছে। সেখানে প্রাণিজ খাবারের পাশাপাশি ফল, মধু এবং পরে রান্না করা শর্করাজাতীয় খাবারও গুরুত্বপূর্ণ ছিল।
অর্থাৎ, মানুষের মস্তিষ্কের আকার বড় হওয়ার বিবর্তনীয় যাত্রায় শুধু শিকার নয়, প্রকৃতির ফল, মধু ও শর্করাজাতীয় খাবার থেকে পাওয়া শক্তিরও বড় ভূমিকা থাকতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে নতুন এই গবেষণা।









