আন্তর্জাতিক

পাত্রী না পেয়ে আত্মহত্যা? ভারতে এক জেলায় ছয় মাসে ২৯ পুরুষের মৃত্যু

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় গত ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশের দাবি, এর মধ্যে ২৯টি আত্মহত্যার কারণ হিসেবে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মহারাষ্ট্র পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার পেছনে মাদকাসক্তি, হতাশা, পারিবারিক সমস্যা ও ঋণসহ নানা কারণের কথা উল্লেখ করা হয়েছে।

এই পরিসংখ্যান প্রকাশের পর জলগাঁওয়ে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জলগাঁও জেলার গ্রামগুলোতে বিষয়টি আরো জটিল।

বিয়ে করতে আগ্রহী তরুণ, তাদের পরিবার, নারী এবং এ বিষয়ে গবেষণা করা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললে দেখা যায়, সমস্যাটি শুধু পাত্রী না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। জলগাঁওয়ে বিয়ে এখন আর শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। চাকরি, জমির মালিকানা, জাতপাত, পারিবারিক দায়িত্ব, অন্য জায়গায় কাজের জন্য চলে যাওয়া, নারীদের বিয়ে সম্পর্কে পরিবর্তিত ধারণা ও প্রত্যাশা এবং পুরুষদের ওপর সামাজিক চাপ, সবকিছু মিলিয়ে বিয়ের বিষয়টি দিন দিন আরো জটিল হয়ে উঠছে।

জলগাঁওয়ে আমার সঙ্গে দেখা হয়েছিল ৩০ বছর বয়সী বিশাল পাতিলের।

তিনি পেশায় একজন অধ্যাপক। বিয়ে নিয়ে তার কথায় জলগাঁওয়ের অনেক তরুণের অভিজ্ঞতা ও চিন্তার কিছুটা ধারণা পাওয়া যায়। পাতিল বলেন, তার বাবা-মাও চেয়েছিলেন তিনি বিয়ে করুন। তবে তিনি আপাতত বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিতে চাই এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই।

এমন একজন নারীকে পেলেই আমি বিয়ে করব, যিনি আমাকে বুঝবেন এবং আমার সঙ্গে মানানসই হবেন।’
কথা বলার সময় পাতিল আরো বলেন, সমাজ বিয়ের জন্য একটি নির্দিষ্ট বয়স ঠিক করে দিয়েছে। তার ভাষায়, ‘ভারতীয় সমাজে সাধারণভাবে মনে করা হয়, ২৪ থেকে ২৬ বছর বয়সের মধ্যে, অথবা সর্বোচ্চ ২৮-২৯ বছরের মধ্যে বিয়ে করা উচিত। কারও বয়স ৩০ পেরিয়ে গেলে মানুষ তাকে অন্যভাবে দেখতে শুরু করে। তখন শুধু বিয়ে না করার জন্য নয়, তার মধ্যে কোনো সমস্যা বা ঘাটতি আছে বলেও অনেকে মনে করতে শুরু করেন।’

মানসিক স্বাস্থ্য নিয়ে কাউন্সেলিং করা বিশেষজ্ঞ মুকেশ বলেন, বিয়ের সঙ্গে যখন সামাজিক মর্যাদা ও সাফল্যের বিষয়গুলো জড়িয়ে যায়, তখন অনেক অবিবাহিত তরুণ বিয়ে না হওয়াকে নিজের ব্যর্থতা হিসেবে দেখতে শুরু করেন। জলগাঁও পুলিশের সাম্প্রতিক আত্মহত্যার পরিসংখ্যান বিশ্লেষণ করার সময় বিষয়টি মাথায় রাখা জরুরি।

পুলিশের হিসাবে, ২৯টি আত্মহত্যার ঘটনায় বিয়ে না হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশও মনে করছে না যে এসব আত্মহত্যার একমাত্র কারণ ছিল বিয়ে না হওয়া। মাদকাসক্তি, হতাশা, পারিবারিক চাপ ও ঋণের মতো অন্যান্য কারণও এসব ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই অবিবাহিত থাকার পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে আত্মহত্যার এই পরিসংখ্যানের আরো একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে।

মহারাষ্ট্রের এই পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসে। ২০১৯ থেকে ২০২১ সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ (এনএফএইচ-৫) অনুযায়ী, মহারাষ্ট্রে ২০ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রায় ১১ শতাংশ অবিবাহিত। পুরুষদের ক্ষেত্রে এই হার প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ, মহারাষ্ট্রে অবিবাহিত পুরুষের সংখ্যা নারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে এর একমাত্র কারণ কি নারীর সংখ্যা কম হওয়া?

জলগাঁওয়ের কৌস্তুভ পোটদারের ঘটনা বিষয়টির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। বি-ফার্ম ডিগ্রি শেষ করার পর কৌস্তুভ নাসিকের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মায়ের মৃত্যুর পর তার পরিবার তার জন্য বিয়ের পাত্রী খোঁজা শুরু করে। কিন্তু নিজের বাড়ি না থাকা এবং সরকারি চাকরি না থাকায় বিভিন্ন পাত্রীপক্ষের কাছ থেকে তাকে বারবার প্রত্যাখ্যাত হতে হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কৌস্তুভ আত্মহত্যা করেন।

তবে শুধু কৌস্তুভের ঘটনা থেকে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না যে, প্রতিটি ক্ষেত্রে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ একই। তার ঘটনা বরং দেখায়, বিয়ের ক্ষেত্রে পুরুষের আর্থিক স্থিতিশীলতা, চাকরি এবং পারিবারিক অবস্থার মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জলগাঁওয়ে এক প্রবীণ নারীর সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি জানান, তার ছেলের বয়স এখন ৪০ বছর। বহু বছর ধরে তিনি ছেলের জন্য পাত্রী খুঁজছেন। কিন্তু বিভিন্ন পাত্রীপক্ষের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর এখন তিনি নিজেই একটি পাকা বাড়ি তৈরি করছেন। তার আশা, ‘বাড়ি তৈরি হয়ে গেলে ছেলের জন্য পাত্রী পাওয়া যাবে।’

ছেলে এখনও অবিবাহিত, এ নিয়ে তার দুশ্চিন্তা ছিল। তবে তার কথায় দুশ্চিন্তার চেয়ে অসহায়ত্বই বেশি ফুটে উঠছিল। বছরের পর বছর চেষ্টা করেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন। মহারাষ্ট্রের গ্রামাঞ্চল নিয়ে গবেষণা করছেন ময়ূর কুডুপলে ও জোয়েল কাবালিয়ান। তাদের গবেষণাতেও বিয়ের ক্ষেত্রে মানুষের প্রত্যাশা পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, গ্রামাঞ্চলে বিয়ের ক্ষেত্রে নারীদের পছন্দকে প্রভাবিত করে জমি, শিক্ষা, জাতপাত ও পাত্রের বয়সের মতো বিভিন্ন বিষয়। ময়ূর কুডুপলে বলেন, ‘একসময় মেয়ের পরিবার পাত্রের কতটা জমি আছে, সেটিকে বেশি গুরুত্ব দিত। এখন জমির চেয়ে পাত্রের চাকরি আছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘গ্রামাঞ্চলের অর্থনীতি বদলেছে, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে বিয়ে নিয়ে মানুষের প্রত্যাশা একইভাবে বদলায়নি। একসময় জমিকে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখা হতো। এখন নিয়মিত আয়, চাকরি, শহরে বসবাসের সুযোগ এবং নিজের বাড়ি থাকার মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে।’ তবে এসব পরিবর্তনের মধ্যেও ‘জাতপাত’ এখনো বিয়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে আছে।

ময়ূর কুডুপলে বলেন, ‘জাতি ও উপজাতির মতো বিষয় বিয়ের ক্ষেত্রে মানুষের পছন্দের পরিধি সীমিত করে দেয়। পাত্র-পাত্রীর খোঁজ করার সময় বেশিরভাগ মানুষ নিজেদের জাতি ও উপজাতির মধ্যেই খোঁজেন।’ লিঙ্গ সমতা প্রশিক্ষক দর্শনা পাওয়ার জাতপাতের এই কাঠামোর আরেকটি দিক তুলে ধরেন।

তিনি বলেন, ‘একজন পুরুষ যদি বিয়ের প্রয়োজন অনুভব করেন, তাহলে তিনি হয়তো অন্য জাতির কোনো নারীকে বিয়ে করতে রাজি হতে পারেন। কিন্তু সেই নারীর জাতি কি তার বাবা-মা ও আত্মীয়রা মেনে নেবেন?’ তার মতে, বাস্তবে বিয়েতে জাতপাতের প্রভাব এখনো রয়েছে। শুধু এর ধরন কিছুটা বদলেছে।

বিয়ে নিয়ে নারীদের প্রত্যাশা

জলগাঁওয়ে পুরুষদের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলার সময় প্রায়ই একটি অভিযোগ শুনতে হয়েছে, বিয়ে নিয়ে নারীদের প্রত্যাশা নাকি বেড়ে গেছে। অনেকের ধারণা, নারীরা এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি চাকরি করেন, শহরে নিজের বাড়ি আছে এবং আর্থিকভাবে স্বচ্ছল।

তবে নারীদের সঙ্গে কথা বলে ভিন্ন একটি চিত্র পাওয়া যায়। বিয়ে ও ব্যক্তিগত প্রত্যাশা নিয়ে ২০-২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে কথা বলা হয়েছিল। কিন্তু সাক্ষাৎকারের পরদিন তার পরিবার জানায়, ওই কথোপকথন প্রতিবেদনে ব্যবহার করা যাবে না। এতে বোঝা যায়, নারীদের প্রত্যাশা বদলালেও সে বিষয়ে খোলাখুলি কথা বলার সুযোগ এখনো সবার নেই।

দর্শনা পাওয়ার বলেন, ‘স্বামীর সঙ্গে কথা বলা বা একসঙ্গে বাইরে সময় কাটানোর আশা করা কোনো বাড়াবাড়ি নয়। এগুলো একজন নারীর মৌলিক ও যুক্তিসংগত প্রত্যাশা। এ বিষয়ে এখন মানুষের সচেতনতাও বাড়ছে।’ জলগাঁওয়ে যাদের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের বেশিরভাগই বিয়ে না হওয়ার জন্য শুধু নারীদেরই দায়ী করেছেন।

ময়ূর কুডুপলের গবেষণাতেও বিয়ে নিয়ে গ্রামীণ পুরুষ ও নারীদের পছন্দের পরিবর্তন নিয়ে একই ধরনের অভিযোগের কথা উঠে এসেছে। তবে গবেষণায় দেখা গেছে, নারীদের পছন্দের পরিবর্তনকে শুধু তাদের বাড়তি প্রত্যাশা হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এর পেছনে কৃষিকাজ কমে যাওয়া, বেকারত্ব, শিক্ষা নিয়ে মানুষের পরিবর্তিত চিন্তাভাবনা, জাতপাত এবং সামাজিক অবস্থানের মতো আরও অনেক কারণ রয়েছে।

পুরুষদের অবস্থান কী?

জলগাঁও জেলার বিভিন্ন গ্রাম ঘুরে বিয়ে নিয়ে পুরুষদের সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আবার ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি। একজন যুবক সরাসরি বলেন, ‘আমি যদি ক্যামেরার সামনে নিজের কথা বলি, তাহলে কে আমাকে বিয়ে করবে?’

অনেক পরিবার এখন ছেলেদের বিয়ের জন্য চাপ দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ, বছরের পর বছর চেষ্টা করেও পাত্রী না পেয়ে তারাও একসময় আশা ছেড়ে দিয়েছেন। তবে কিছু পরিবার এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের অনেকে ছেলের বিয়ের জন্য পাকা বাড়ি তৈরি করছেন, জমি কিনছেন কিংবা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা করছেন।

অনেক পরিবার পাত্রী খুঁজতে এখন ঘটকদের সাহায্য নিচ্ছে। তবে কিছু অভিভাবকের অভিযোগ, বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নামে প্রতারণার ঘটনাও বেড়েছে। কিছু পুরুষ জীবনসঙ্গীর খোঁজে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এমনকি পাত্রী পাওয়ার জন্য কিছু পরিবার অর্থ দিতেও রাজি হচ্ছে। ফলে পাত্র-পাত্রীর খোঁজ এখন আর শুধু আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘটক, অর্থের লেনদেন এবং দূরের জেলাগুলোতে গিয়ে পাত্রী খোঁজার মতো নানা বিষয়।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন দর্শনা পাওয়ার। তিনি বলেন, ‘গত কয়েক দশকে বড় আকারের কন্যা ভ্রূণ হত্যার প্রভাব আজ বিবাহযোগ্য বয়সের পুরুষ প্রজন্মের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ৩০-৩৫ বছরের পুরুষ যারা এখনো নিজেদের জীবনসঙ্গী খুঁজে পাননি তারা এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন প্রচুর সংখ্যক কন্যা ভ্রূণ নষ্ট করা হয়েছে। তবে মেয়েদের সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে, নারীদের এখন বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।’

ময়ূর কুদুপালে এবং জোয়েল কাবালিয়ানের গবেষণা বলছে, নারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা বৃদ্ধি পেলেও পারিবারিক প্রত্যাশা, জাতি এবং সামাজিক কাঠামোর মতো বিষয় আজও তাদের ওপর চাপ সৃষ্টি করে। অন্যদিকে, চাকরি, আয়, বর্ণ, পারিবারিক প্রত্যাশা এবং বিয়ের ব্যবস্থা নিয়ে প্রত্যাশার পরিবর্তনের মাঝেই পুরুষরাও নিজেদের জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। বিশাল পাতিল অবশ্য বলেছেন, ‘বিয়েই জীবনের সবকিছু নয়।’