সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
জাতীয়

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২১ কারখানা

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২১ কারখানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস রবিবার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

তবে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে শিল্পাঞ্চলের ২১টি কারখানা এখনো ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া কাজে যোগ দিয়েও উৎপাদন কার্যক্রমে অংশ না নেওয়ায় আরো ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিন সকালে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কাঠগড়া, হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য দিনের মতোই সকাল থেকে শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন। নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেছেন তারা।

শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করতে হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় তাদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পরিবারের খাবার, সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে অনেককে ঋণ করতে হচ্ছে।

এ অবস্থায় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ২১টি পোশাক কারখানা শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে বন্ধ রয়েছে। অন্যদিকে, সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ না নেওয়ায় বিশেষ করে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের মোট ৯টি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে নতুন করে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। পরে তা নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়া হয়ে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় জড়ান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এসব উদ্যোগের পর শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। যদিও নরসিংহপুরসহ কয়েকটি এলাকায় এখনো শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার-আশুলিয়ার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের এক হাজারের বেশি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত আছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে ২১টি কারখানা বন্ধ রয়েছে এবং রবিবার আরো ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জান্ন, আজ সকালে শিল্পাঞ্চলে যে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে, তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। তবে পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে, তা অনেকাংশে নির্ভর করছে শ্রমিকেরা উৎপাদন কার্যক্রমে কতটা অংশ নিচ্ছেন, তার ওপর। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মতো আজো শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন ধরে সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত হলেও রবিবার সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকায় শিল্পাঞ্চলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বন্ধ কারখানাগুলো চালু হওয়া এবং শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের ওপরই পরিস্থিতির পূর্ণ স্বাভাবিকতা অনেকটা নির্ভর করছে।