নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার বিকেলে শহরের নওযোয়ান মাঠে ন্যাশনাল এগ্রিকেয়ার স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় নওগাঁ সদর উপজেলা দলকে পরাজিত করে রাণীনগর উপজেলা কাবাডি দল জয়ী হয়।
নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহা পরিদর্শক এম খুরশীদ হোসেন। আরও উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী প্রমুখ।
কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে বুধবার শহরের নওযোয়ান মাঠ রীতিমত উৎসবমুখর হয়ে উঠেছিল। ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে নওগাঁ সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাণীনগর উপজেলা কাবাডি দল।

এই টুর্নামেন্টে নক আউট পদ্ধতিতে নওগাঁর ১১টি উপজেলা ও নওগাঁ পৌরসভা দলসহ মোট ১২টি দল অংশগ্রহণ করে। গত ২৩ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হয়।
স/শ










