লাইফ স্টাইল

ছুটির দিনে স্বাদ নিন চিকেন বিরিয়ানির

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমরা সবাই কমবেশি বিরিয়ানি পছন্দ করি। আর যদি ধাবা স্টাইল চিকেন বিরিয়ানি হয়, তবে তো কথাই নেই। ধাবা স্টাইল চিকেন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নেওয়া সম্ভব, যা স্বাদ ও সুগন্ধে একদম রাস্তার ধারের ধাবার মতোই ঝাঁজালো এবং জিভে পানি আনা সম্ভব। এই বিরিয়ানির বিশেষত্ব হলো— এর মসলাদার গ্রেভি ও ঝরঝরে চালের নিখুঁত মেইলবন্ধন। আর ধাবার ধোঁয়া ওঠা স্টাইলের বিরিয়ানি হয়ে ওঠে দিনের সবচেয়ে লোভনীয় সঙ্গী। নরম ভাত, সুস্বাদু মাংস, মসলার ঘ্রাণ আর ঘরোয়া স্বাদের মেইলবন্ধন মুহূর্তেই মন ভরিয়ে দেয়। ছুটির দিনেই এক প্লেট গরম বিরিয়ানি যেন মনমুগ্ধকর ভালোবাসার প্রতীক। চলুন জেনে নেওয়া যাক, ধাবা স্টাইল চিকেন বিরিয়ানি বাড়িতে বানানোর পদ্ধতি—

উপকরণ

প্রথমে মাংসের জন্য যা লাগবে

মুরগির মাংস সোয়া ১ কেজি। পেঁয়াজ কুচি ১টি।তেজপাতা ২-৩টি। দারুচিনি ৪-৫ টুকরো। লবঙ্গ ৮টি। গোল মরিচ ৭-৮টি। এলাচ ২-৩টি। ধনেয়া গুঁড়া ১ টেবিল চামচ। কাশ্মীরি মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। হলুদ আধা টেবিল চামচ। জিরা গুঁড়া আধা টেবিল চামচ। গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ। আদা বাটা ১ টেবিল চামচ। রসুন বাটা ১ টেবিল চামচ। কাঁচামরিচ ৫-৬টি। টকদই ১ কাপ। ধনেয়া পাতা কুচি ৩ টেবিল চামচ। পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ। লবণ স্বাদমতো। এবং তেল ৪ টেবিল চামচ।

এবার ভাতের জন্য যা লাগবে

বাসমতি চাল ভেজানো ৩ কাপ। লবণ স্বাদমতো। শাহি জিরা ১ চা চামচ। তেজপাতা ১টি। দারুচিনি ২-৩ টুকরো। এলাচ ২-৩টি। গোল মরিচ ১ চা চামচ। ধনেয়া পাতা ১ টেবিল চামচ। পুদিনাপাতা ১ টেবিল চামচ।

এবং লেবুর রস আধা লেবুর।

শেষ সময়ে দেওয়ার জন্য

ঘি ১ টেবিল চামচ। ভাজা পেঁয়াজ ২ টেবিল চামচ। ফুড কালার সামান্য। ধনেয়া ও পুদিনাপাতা অল্প।

মাংস রান্না

প্রথমে চুলায় একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোল মরিচ ও এলাচ দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ লালচে হলে মুরগির মাংস ছেড়ে দিন। এবার সব গুঁড়া মসলা, আদা-রসুন বাটা, কাঁচামরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। টকদই, ধনেয়া পাতা ও পুদিনাপাতা দিয়ে আবার মিশিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিন। এভাবে প্রায় ২৫ মিনিট রান্না করুন।

ভাত রান্না

অন্য পাত্রে পানি ফুটিয়ে তাতে লবণ, শাহি জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোল মরিচ, ধনেয়া ও পুদিনাপাতা দিন। এরপর ভেজানো বাসমতি চাল দিয়ে লেবুর রস মিশিয়ে ৬ মিনিট রান্না করুন। এবার ভাত আধা সেদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে ফেলুন।

দম দেওয়া

এবার মাংস থেকে এক বাটি ঝোল তুলে রাখুন। মাংসের ওপর আধা সেদ্ধ ভাত ছড়িয়ে দিন। ওপরে তুলে রাখা ঝোল ও সামান্য ফুড কালার ছড়িয়ে দিন। ঘি, ভাজা পেঁয়াজ ও ধনেয়া-পুদিনাপাতা ছড়িয়ে ঢেকে দিন। অল্প আঁচে ১৫–২০ মিনিট দমে রাখুন। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার ধাবা স্টাইল চিকেন বিরিয়ানি।