সদ্য প্রকাশিত
জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রেনের দুই লোকোমাস্টারকে কুপিয়ে পরনের কাপড়সহ সর্বস্ব লুট

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
চুয়াডাঙ্গায় ট্রেনের দুই লোকোমাস্টারকে কুপিয়ে পরনের কাপড়সহ সর্বস্ব লুট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই লোকোমাস্টারকে কুপিয়ে আহত করেছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড় লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বিটিও ট্যাংকার ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকো মাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লোকোমাস্টার নজরুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল।

এ সময় চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে তাদের কাছে থাকা দামি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়।

বর্তমানে ট্রেনটি সেখানেই অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঘটনার বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। তবে বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।