সদ্য প্রকাশিত
জাতীয়

এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। আজ মঙ্গলবার জাতীয় সংসদে তার পদত্যাগের বিষয়টি সংসদে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে তিনি ই-মেইলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান। ই-মেইল বার্তার প্রেক্ষিতে আজ বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে আসন শূন্য ঘোষণা করেন স্পিকার।

পদত্যাগপত্রে তিনি অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক।

সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন।

১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।