সিল্কসিটিনিউজ ডেস্ক:
সারা দেশে ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস এবং জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
এ সময় সরকারের কাছে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর, সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী।
এখানে কোনো একক দলের শাসন নয়; বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে একটি ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তুলতে চান তিনি। দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা এবং সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন তিনি। তবে সরকারের এ ধৈর্যের সুযোগ নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
তিনি আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ এবং বর্তমান সরকার এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড কখনো মেনে নেবে না।
সভাপতির বক্তব্যে ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর বলেন, ১৬-১৭ বছর ধরে একটি গোষ্ঠী গণতন্ত্রের লেবাস পরে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন তারা আগুনসন্ত্রাস কিংবা সন্ত্রাসী কায়দায় আবার ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তাদের অপকর্মের কারণে তারা নিষিদ্ধ হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। দেশের গঠন ও অগ্রগতিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশ গড়ার কাজে তাদের এগিয়ে আসতে হবে। তৎকালীন শাসকগোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষের মগজ ও মননে বিভাজন তৈরির অপচেষ্টার ইতিহাস সংরক্ষণে একটি জাদুঘর প্রতিষ্ঠার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। দলীয় কর্মীদের লেলিয়ে না দিয়ে প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রেখেছে। দলীয় বলপ্রয়োগের পরিবর্তে প্রশাসনের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার এ পদক্ষেপ প্রকৃত আইনের শাসন ও গণতান্ত্রিক শাসনের পরিচয় বহন করে। এ ধরনের পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে প্রত্যাশা করি, গণতান্ত্রিক শাসনব্যবস্থার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্যকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করতে হবে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ও সন্ত্রাসীরা আর কখনো ফিরে আসতে না পারে, সে প্রতিজ্ঞা আমাদের গ্রহণ করতে হবে। জুলাইয়ের ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, ২৪ জুলাই রাজপথে নামার মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে এবং প্রত্যেক নাগরিকের বেঁচে থাকা, মতপ্রকাশ, প্রতিবাদ ও অন্যান্য মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। সেই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং শিক্ষার্থীদের দুর্বিষহ পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। তবে সেই বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনের শাসন অনুসরণ করে হতে হবে বলে উল্লেখ করেন।
এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাইক ইমতিয়াজ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ এর অধ্যাপক ড. আলমগীর হোসেন সম্রাট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ড. রুমানা পারভীন অ্যানি প্রমুখ।










