নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থী, তরুণ-তরুণী ও স্থানীয় কমিউনিটির মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে ‘হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন-০১’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) RHSTEP–অপরাজেয় তারুণ্য (UYP) প্রকল্পের রাজশাহী ইউনিটের উদ্যোগে নগরীর খ্রিষ্টান পাড়ার সেন্ট লুইস স্কুল ও সংলগ্ন এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সেন্ট লুইস স্কুলের প্রধান শিক্ষিকা সুমি বার্নাডেট ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন RHSTEP–অপরাজেয় তারুণ্য (UYP) প্রকল্পের রাজশাহী ইউনিটের প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার, ইউনিট ম্যানেজার মামুনুর রহমান, ইয়ুথ অফিসার মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ড. রবীন্দ্রনাথ দাসসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগ দেওয়া হয়। রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, রাজশাহী কলেজ ইউনিট, রাজশাহী জোন সহযোগিতা করে।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আম্বিয়া ইসলাম অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমে রাজশাহী মেডিকেল কলেজের টেকনোলজিস্ট শান্তনা ও তমা সহযোগিতা করেন।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও ক্যাম্পেইনে গুরুত্ব পায়। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪-এর কাউন্সেলর জান্নাতুল ফেরদৌস অংশগ্রহণকারীদের বিভিন্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা, ব্যক্তিগত উদ্বেগ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও স্থানীয়দের ধারণা দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, স্বাস্থ্যকে শুধু চিকিৎসাসেবা নয়, বরং মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতা তৈরিই এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য। বিশেষ করে তরুণ-তরুণী, নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমান, সহজলভ্য, মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পেইনে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), মানসিক স্বাস্থ্য, স্বাস্থ্যসেবায় সমান প্রবেশাধিকার এবং স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব, সচেতনতা ও অ্যাডভোকেসিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
RHSTEP–অপরাজেয় তারুণ্য (UYP) প্রকল্পের রাজশাহী ইউনিটের ইয়ুথ অফিসার মো. ফরিদুল ইসলাম পুরো কর্মসূচি পরিচালনা করেন। সমাপনী বক্তব্যে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ, স্বাস্থ্যসেবাদানকারী, সহযোগী সংগঠন বাঁধন, স্বেচ্ছাসেবী এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, তরুণ-তরুণীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, SRHR বিষয়ে জ্ঞান ও সচেতনতা তৈরি, প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ছিল—‘সচেতনতা থেকে অংশগ্রহণ, অংশগ্রহণ থেকে অ্যাডভোকেসি, অ্যাডভোকেসি থেকে পরিবর্তন।’










