আন্তর্জাতিক

কেন টেপ দিয়ে আসনের সঙ্গে বাঁধা হলো বিমানযাত্রীকে?

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে নিউ জার্সিগামী একটি উড়োজাহাজে হঠাৎই তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। গত ৩ সেপ্টেম্বর আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীর আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে কয়েকজন যাত্রী ও বিমানকর্মীর সহায়তায় তাকে নিয়ন্ত্রণে আনা হয়। 

এ ঘটনায় ৬৭ বছর বয়সী আর্থার লুনডিনের বিরুদ্ধে বিমানকর্মীদের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করা এবং অন্য যাত্রীদের সঙ্গে মারমুখী আচরণ করার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। ঘটনার সময় ফ্লাইটে থাকা দুই যাত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাদের একজন নিউ জার্সির ‘গান ফর হায়ার’ নামের একটি দোকানের মালিক ৫৩ বছর বয়সী রিচার্ড ও’লিনিক। অন্যজন তার বন্ধু হুয়ান মেহিয়া, যিনি আগে পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

ডালাস থেকে নিউআর্ক যাচ্ছিল আমেরিকান এয়ারলাইনসের এএ৬১৮ ফ্লাইটটি। যাত্রার প্রায় তিন-চতুর্থাংশ সময় পার হওয়ার পর হুয়ান মেহিয়া বিমানের ভেতর গোলমালের শব্দ শুনতে পান।

মেহিয়া বলেন, তাদের দুই সারি পেছনে বসা লুনডিন ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠছিলেন। তিনি বিমানকর্মী ও অন্য যাত্রীদের নিয়ে অপমানজনক মন্তব্য করছিলেন। তার ভাষায়, লুনডিন বর্ণবিদ্বেষমূলক গালিগালাজ ও অশালীন ভাষা ব্যবহার করছিলেন। এতে আশপাশের যাত্রীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। 

পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে মেহিয়া আর ও’লিনিক বিষয়টি নজরে রাখেন।

একপর্যায়ে লুনডিন শারীরিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়ার পর তারা এগিয়ে যান। ও’লিনিক জানান, মেহিয়া বুঝতে পারেন পরিস্থিতি সামলাতে দ্রুত কিছু করা দরকার। তাই তিনি লুনডিনের পাশে গিয়ে বসেন এবং তাকে নিয়ন্ত্রণে রাখতে বিমানকর্মীদের সহায়তা করেন। পরে কয়েকজন যাত্রীর সহায়তায় লুনডিনকে ডাক্ট টেপ দিয়ে তার আসনের সঙ্গে আটকে রাখা হয়। তার হাতও জিপ টাই দিয়ে বাঁধা হয়। মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষের পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিমানটি নিউআর্কে অবতরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উড়োজাহাজে ওঠেন। এরপর লুনডিনকে হেফাজতে নেওয়া হয়। মেহিয়া ও ও’লিনিক জানান, পুলিশ আসা পর্যন্ত তারা লুনডিনের সঙ্গে ছিলেন। তাদের দ্রুত এগিয়ে আসায় বিমানকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা পান। ঘটনাটি এখন তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এফবিআই ও আমেরিকান এয়ারলাইনসও ফ্লাইটটির বিষয়ে তথ্য নিশ্চিত করেছে।