সিল্কসিটিনিউজ ডেস্ক:
কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক ছিলেন।
ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে, নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক ছিলেন। চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তারা।

নিউমার্কেট কলকাতর সবচেয়ে ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। আগুন লাগার সংবাদ পাওয়ার পর অল্প সময়ের মধ্যে কলকাতা ফায়ার সার্ভিস বিভাগের ৪টি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা শুরু করে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি টিমও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেয়।
নিউমার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, “আগুন লাগার পর হোটেলের কক্ষগুলো ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।”
“হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অচেতন অবস্থায় বেশ কয়েক জন অতিথিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”
মাত্র দু’দিন আগে, ১৭ আগস্ট সোমবার পশ্চিমবঙ্গের বীরভুম জেলার তারাপীঠ শহরে ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে অগ্নিকাণ্ড হয়েছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট সেই আগুনে নিহত হয়েছিলেন কমপক্ষে আট জন।
সেই ঘটনার রেশ না কাটতেই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার হোটেলে ঘটল একই ঘটনা।
সূত্র : এনডিটিভি/ ঢাকা পোস্ট









