সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে চলমান লড়াই তীব্র হওয়ায় দেশটি থেকে পালিয়ে যাচ্ছে বহু মানুষ। চলতি সপ্তাহে অন্তত ২ হাজারের বেশি মানুষ আফ্রিকার দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছে।
রবিবার জাতিসংঘের বরাতে এ তথ্য জানিয়ছে গালফ নিউজ।
গত এক সপ্তাহে হুতি অভিযানে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বাকি অংশ এবং কয়েকটি কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বেড়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ইয়েমেনের সংঘাত থেকে পালিয়ে ২ হাজারের বেশি মানুষ জিবুতির উপকূলে পৌঁছেছে।
জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই প্রথম দফার লোকজন জিবুতিতে পৌঁছাতে শুরু করে।
এর আগে শনিবার জিবুতির অর্থনীতি ও অর্থমন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালেহ জানিয়েছিলেন, প্রায় ১ হাজার ৪০০ মানুষ দেশটিতে এসেছে।
লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালির অপর পাশে অবস্থিত জিবুতি। ইরান হরমুজ প্রণালি অবরোধ করার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দাব গুরুত্বপূর্ণ নৌপথে পরিণত হয়েছে।
জাতিসংঘের হিসাবে, জুলাই থেকে ইয়েমেনের সংঘাতে অন্তত ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
হুতিদের সাম্প্রতিক অভিযানের কারণে গত এক সপ্তাহেই এ সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।
প্রায় ২৩ হাজার বর্গকিলোমিটার আয়তনের জিবুতিতে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ফ্রান্স ও ইতালির সামরিক ঘাঁটি রয়েছে। বাব আল-মান্দাব প্রণালির কৌশলগত গুরুত্বের কারণে দেশটিতে এসব ঘাঁটি স্থাপন করা হয়েছে।









