সদ্য প্রকাশিত
নওগাঁ

স্বাস্থ্যসেবা নয় যাত্রীসেবা আর প্রচার কাজ চলে এ্যাম্বুলেন্স দিয়ে

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
স্বাস্থ্যসেবা নয় যাত্রীসেবা আর প্রচার কাজ চলে এ্যাম্বুলেন্স দিয়ে

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় স্বাস্থ্যসেবা বঞ্চিত তৃনমূল মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার প্রতি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছিল। তারই অংশ হিসেবে এলজি এসপি-২ প্রকল্পের বাস্তবায়নে সারাদেশের ন্যায় সাপাহারসহ উপজেলার শিরন্টি, তিলনা, গোয়ালা, আইহাই ও পাতাড়ী ইউনিয়ন পরিষদে ১টি করে মোট ৬টি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়। কিন্তু সে এ্যাম্বুলেন্সটি এখন রোগীর সেবা কাজে না হয়ে ব্যবহৃত হচ্ছে প্রচার কাজে।

মঙ্গলবার সকালে ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদে দেখা মেলে এ চিত্র। সকালে এ্যাম্বুলেন্সটি রোগি আনা-নেওয়ার পরিবর্তে প্রচার কাজে ব্যবহার করছে। অধিক মুনাফার লোভে হারানো বিজ্ঞপ্তি থেকে শুরু করে বিভিন্ন প্রচার কাজে ব্যবহৃত হচ্ছে এই ইউনিয়নের এ্যাম্বুলেন্স। আবার অনেক সময় রোগী আনা নেওয়ার পরিবর্তে যাত্রী পারাপারের কাজও করা হয় এ্যাম্বুলেন্স দিয়ে। এতে করে সাধারণ তৃনমূল মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

এবিষয়ে তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেম উদ্দীনের সাথে কথা হলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন, আমি অন্যান্য ইউনিয়ন পরিষদের মতো এ্যাম্বুলেন্স ভারা খাটাই না। তিলনা স্কুলের হেড মাষ্টারের অনুরোধে ঐ স্কুলের একটি হারানো বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

এভাবে প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদের এ্যাম্বুলেন্স গুলো অধিক মুনাফার লোভে রোগি আনা-নেওয়ার কথা না ভেবে ধারণ ক্ষমতার বাহিরে যাত্রীবহণ করছে বিভিন্ন এলাকায়। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগি রোগির অভিযোগ, এ্যাম্বুলেন্স গুলো বাহিরে ভাড়া মারার কারণে অনেক সময় এলাকায় সব সময় থাকতে পারে না। রোগির আত্মীয় স্বজন ফোন করলে তাৎক্ষনিক এ্যাম্বুলেন্স পাওয়া যায় না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে এ্যাম্বুলেন্স আসলেও তাদের কাছে শুনতে হয় ক্ষোভে ভরা কথা ।

এই সমস্যার সমাধান চেয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল। তাদের দাবি অনতিবিলম্বে এর সমাধান করে যেন শুধুমাত্র স্বাস্থ্যসেবার কাজে ব্যবহারে জোর পদক্ষেপ নেওয়া হয়।
স/শ