সদ্য প্রকাশিত
ছবিঘর

‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’র সেটে পরিচয়, সেখান থেকেই প্রেমের শুরু। তবে তিন বছরের বেশি সময় একসঙ্গে থাকার পর সম্পর্কে ইতি টেনেছেন অভিনেতা লি দো হিউন ও অভিনেত্রী লিম জি ইওন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই তারকার পক্ষ থেকেই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করা হয়েছে।
কোরীয় সংবাদমাধ্যমের বরাতে সোয়ম্পি জানিয়েছে, সম্প্রতি তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। লি দো হিউনের এজেন্সি জানিয়েছে, খবরটি সত্য। তবে বিচ্ছেদের পরও তারা ভালো সহকর্মী হিসেবে একে অপরকে সমর্থন করবেন।

অন্যদিকে লিম জি ইওনের এজেন্সি আর্টিস্ট কোম্পানিও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। তবে অভিনেত্রীর ব্যক্তিগত বিষয় উল্লেখ করে বিচ্ছেদের কারণ বা সময় সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তার আগামী কাজের জন্য ভক্তদের আগ্রহ ও শুভকামনা চেয়েছে।

দুই পক্ষের কেউই সম্পর্ক ভাঙার কারণ বা ঠিক কবে বিচ্ছেদ হয়েছে, তা প্রকাশ করেনি।

 

‘দ্য গ্লোরি’ থেকে প্রেমের শুরু

নেটফ্লিক্সের জনপ্রিয় প্রতিশোধমূলক সিরিজ ‘দ্য গ্লোরি’র সেটে পরিচয় হয় লিম জি ইওন ও লি দো হিউনের। কিম উন সুকের লেখা সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সং হে কিয়ো। এতে লিম জি ইওনকে দেখা যায় পার্ক ইয়েন জিন চরিত্রে, যে স্কুলজীবনে নির্যাতনকারী দলের নেতৃত্ব দিয়েছিল। অন্যদিকে লি দো হিউন অভিনয় করেন জু ইয়ো জং চরিত্রে, যিনি প্রতিশোধের পরিকল্পনায় মূল চরিত্রের সহযোগী হয়ে ওঠেন।

পর্দায় তাদের চরিত্রের অবস্থান আলাদা হলেও বাস্তব জীবনে ঘনিষ্ঠ হয়ে ওঠেন দুজন।

২০২৩ সালের এপ্রিলে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। পরে দুই তারকার পক্ষ থেকেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা হয়। সিরিজটির ভক্তদের মধ্যেও তাদের বাস্তব জীবনের প্রেম নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
ব্যস্ত ছিলেন দুজনই

সম্পর্কের সময়টিতে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন দুই তারকা। লি দো হিউন ‘হোটেল ডেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘সুইট হোম’-এর মতো সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে ২০১৪ সালের চলচ্চিত্র ‘অবসেসড’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া লিম জি ইওনও বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তিন বছরের বেশি সময়ের সম্পর্কের পর তাদের বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে দুই তারকার পক্ষ থেকেই ব্যক্তিগত জীবনকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।