সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুয়াশার চাদরে ঢাকা সকাল, রাস্তার পাশে ধোঁয়া ওঠা খাবার আর শীতের পিঠাপুলির ঘ্রাণ ঋতু বদলের এই আমেজে বাংলাদেশিদের রসনাবিলাসও যেন নতুন মাত্রা পায়। কারও কাছে শীত মানে পিঠার স্বাদ, কারও কাছে উৎসবের আয়োজন। এদিকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কাছে শীতের অন্যতম আকর্ষণ রাস্তার সিদ্ধ ডিম। পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম আর লুচিও রয়েছে তার পছন্দের তালিকায়।

শীতের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শীত সবারই প্রিয় ঋতু। ঢাকা শহরে শীতের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এই সময়ে রাস্তার সিদ্ধ ডিম, পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।’
পছন্দের এসব খাবার উপভোগ করতে আপাতত কাজের ব্যস্ততা গুছিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন অভিনেত্রী। কাজ শেষ হলে কিছুদিনের জন্য ডায়েটের নিয়ম থেকেও বিরতি নিতে চান তিনি।
তার কথায়, ‘এখন কাজটা একটু গুছিয়ে শেষ করতে পারলে ডায়েট থেকেও কিছুদিনের ছুটি নেব। তখন মনের আনন্দে এসব খাবার খাব। শীতের আরেকটি মজার দিক হলো, এ সময় অনেক কাচ্চি খাওয়া যায়। কারণ, শীতকালে সবাই বিয়ের আয়োজন করেন।’
শীতের সঙ্গে উৎসবের সম্পর্কও ফারিয়ার ভালো লাগার অন্যতম কারণ। নিজের পছন্দের ঋতু নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গান সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে। খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসবের কারণে শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। আমার মনে হয়, ঢাকা তথা বাংলাদেশের শীত সবচেয়ে সুন্দর।’










