সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে চোরাকারবারীদের ভারতীয় গরু,মহিষের পদচারণায় শতাধীক কৃষকের কয়েকশ’ বিঘা জমির সরিষা ফসল নষ্ট হয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হলেও সীমান্ত রক্ষীবাহিনীর নীরব ভুমিকায় কৃষককুল হতাশ।
জানা গেছে, এবারের বর্ষায় সর্বগ্রাসী বন্যায় ওই এলাকার কৃষকের আমন চাষাবাদ সমুলে ক্ষতি সাধন হওয়ায় কৃষকগন তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে সর্বস্ব খুইয়ে এক চেটিয়াভাবে সমস্ত জমিতে সরিষার আবাদ করে। বর্তমানে চোরাই পথে ভারত থেকে গরু আনা অব্যহত থাকায় প্রতি রাতে তাদের সীমাহীন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। প্রতি রাতেই চোরাকারবারীরা ওই সীমান্ত দিয়ে শত শত গরু মহিষ কৃষকের ফসলের মাঠের উপর দিয়ে দেশের অভ্যন্তরে আসছে বলে ক্ষতিগ্রস্থ কৃষককুল জানিয়েছেন।
এ ব্যাপারে ওই এলকার কৃষকগণ তাদের ফসল ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ জানালে বিজিবি সদস্যরা তাদের নিজের ফসল নিজকে রক্ষা করতে বলে। আবার রাতে তারা চোরাকারবারীদের হাত থেকে ফসল রক্ষার জন্য মাঠে পাহারা দিতে গেলে টহল রত বিজিবি সদস্যরা তাদেরকে চোরাকারবারী বলে ধমক দিয়ে মাঠ থেকে তেড়ে বাড়িতে পাঠায়। এ অবস্থায় মাঠের ফসল রক্ষায় তারা কোন পদক্ষেপ গ্রহণ করবে ভেবে না পেয়ে হতাশায় ভুগছে।

ভারতীয় গরুর পদচারণায় কৃষকের ক্ষতির পরিমান দেখতে সরেজমিনে সম্প্রতি সাপাহার প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক ওই এলাকায় গেলে কলমুডাঙ্গা গ্রামের কৃষক এমদাদুল হক, শাহিন আলম, সোলাইমান আলী, সাইদুর রহমান, ফারুক হোসেন সহ শত শত কৃষক সাংবাদিকদের সামনে তাদের ক্ষতির কথা স্মরণ করে হাউমাউ করে কেঁদে ফেলেন ও সীমান্ত রক্ষীবাহিনীর প্রতি নান অভিযোগ তুলে ধরে জোরালো ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল আমিন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি কৃষকের বক্তব্য অস্বীকার করে সিল্কসিটি নিউজকে বলেন, আমার বিজিবি সংখায় অনেক কম, চোরাকারবারীদের কবল থেকে কৃষকের ফসল রক্ষার জন্য আমরা সবসময় কৃষকের সহযোগীতা চেয়েছি কিন্তু কৃষক আমাদের কোন সহযোগীতা না করে উল্টো আমাদেরকে দোষারপ করছে।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার কথা স্বীকার করে কৃষকের সাথে একত্মতা প্রকাশ করেন এবং বিজিবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। চোরাকারবারীদের কবল থেকে কৃষককুল তাদের মাঠের ফসল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স/শ










