সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ভাতার কার্ড নিয়ে মেম্বারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৭৩ মিনিট পড়া
রাণীনগরে ভাতার কার্ড নিয়ে মেম্বারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বিভিন্ন ভাতার কার্ড ও সরকারি প্রকল্পের উপকরণ দেওয়ার নাম করে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। কেউ কেউ সুদের উপর টাকা নিয়ে মেম্বারকে এই ঘুষের টাকা প্রদান করেছে। দীর্ঘদিন যাবত এই সব খেটে খাওয়া গরীব ও অসহায় মানুষরা কোন সুবিধা না পাওয়ায় আজ তারা মানবেতর জীবন-যাপন করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ২ নম্বর কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাহাদুরপুর ও চকমনুগ্রাম। এই গ্রামের দায়িত্বে থাকা ইউপি সদস্য মো: মঞ্জু হোসেন গ্রামের গরীব ও অসহায় মানুষসহ বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডির কার্ড, সরকারের বিভিন্ন প্রকল্পের উপকরন দেওয়ার নাম করে গ্রামের কিছু কতিপয় ব্যক্তিদের মাধ্যমে ঘুষ হিসাবে কারো কাছ থেকে ২ হাজার, কারো কাছ থেকে ৪ হাজার আবার কারো কাছ থেকে ১ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এর মধ্যে কারো কার্ড করে দেওয়া হয়েছে আবার কাউকে আজ নয় কাল করে হয়রানি করানো হচ্ছে। এই দুই গ্রামের শতাধিক মানুষ মেম্বারকে এই সব কার্ড বাবদ হাজার হাজার টাকা দিলেও আজও তার কোন খবর নেই।

বাহাদুরপুর গ্রামের মৃত-সামছুলের ছেলে জব্বার জানান, মেম্বার আমাকে ভিজিডির কার্ড ও টিন দেওয়ার নাম করে ৪ হাজার টাকা নিয়েছে প্রায় ৬ মাস হয়ে গেলো। কিন্তু আজও তার কোন খবর নেই। মেম্বার বলছে আরো টাকা প্রয়োজন হতে পারে।

একই গ্রামের মৃত-ওছমানের ছেলে লোকমান ও মৃত-ময়েজ প্রামাণিকের ছেলে ইব্রাহিম প্রামাণিক জানান, বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য মেম্বার তাদের কাছ থেকে ২ হাজার করে টাকা ঘুষ হিসাবে নিয়েছে। কিন্তু আজও তা করে দেয় নাই মেম্বার।

মেম্বারের মাধ্যম বাহাদুরপুর গ্রামের জাতীয় পার্টি নেতা আব্দুল লতিফ বলেন, বড় বড় নেতারা হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করছে তা না লিখে সামান্য মেম্বারদের বিরুদ্ধে লিখে কি লাভ। বিগত সময়ের মেম্বাররা এই টাকা খেয়েছে তাই বর্তমান মেম্বারও সেই কাজ করেছে। আমি যে ক’জনার টাকা মেম্বারকে দিয়েছি তার মধ্যে দুই-একজন বাদে সবার কার্ড করে দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মঞ্জু হোসেন বলেন, বিগত দিনের মেম্বাররা এই সব বিষয়ে টাকা নিয়েছে। তাই আমিও নিয়েছি। আর এই সব কাজ করতে গেলে অফিসে কিছু খরচ দিতে হয়। অফিসে টাকা না দিলে কাজগুলো সহজে হয় না। তাই এই সব খরচের কারণে কিছু টাকা নেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু বলেন, এই বিষয়ে ভুক্তভুগিদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: তারিক এলাহী বলেন, আমার দপ্তরে কোন কাজ করার জন্য কোন প্রকার টাকা নেওয়া হয় না। তবে অনেক অসাধু ব্যক্তিরা আমার দপ্তরের নাম করে গরীব ও অসহায় মানুষদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। অফিসের বাহিরে বিভিন্ন ভাবে এই সব বিষয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির অসাধু মহল। তবে এই সব বিষয়ে লিখিত ভাবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স/আ