সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ইফা’র সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৮৩ মিনিট পড়া
রাণীনগরে ইফা’র সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সুপারভাইজারের বিরুদ্ধে ৭১জন শিক্ষকদের কাছে থেকে জোরপূর্বক অর্থ আদায় করে তা নয়-ছয় করে আত্মসাত করার অভিযোগ উঠেছে। কোন কোন শিক্ষক এই অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে তাদের চাকরীতে রাখা হবে না মর্মে বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করার অভিযোগও পাওয়া গেছে।

জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি কেন্দ্রের শিক্ষকসহ সকল শিক্ষার্থীদের কম্পিউটারের মাধ্যমে তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি করতে হয়। বাইরের কম্পিউটারের দোকানে এই সব কাজ করতে গেলে প্রতিটি কেন্দ্রের খচর পড়ে প্রায় ১২শ টাকা। তাই কেন্দ্র থেকে নিদের্শ প্রদান করা হয় জেলা অফিসের সার্বিক সহযোগিতায় প্রতিটি উপজেলায় সকল শিক্ষকদের নিয়ে মিটিং করে সর্বসম্মতিক্রমে শিক্ষকদের কাছ থেকে কিছু অর্থ নিয়ে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে রেজুলেশনের মাধ্যমে একটি কম্পিউটার ক্রয় করে এই ডাটাবেজের কাজ করার জন্য। কিন্তু রাণীনগর উপজেলার সুপাইভাইজার তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে কোন কিছুই না জানিয়ে গোপনে অফিসের দুইজন সাধারণ কেয়াটেকার আফজাল হোসেন ও আবু বক্করকে সঙ্গে নিয়ে জোরপূর্বক ৭১জন শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা (প্রতিজন) আদায় করে নামমাত্র একটি কম্পিউটার ও তার আনুষঙ্গিক জিনিস ক্রয় করেছেন যার বাজার মূল্য সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার টাকা। আর বাকি অর্থ এই ব্যক্তিরা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ কেয়ারটেকার ও সুপারভাইজারের অত্যাচারে নি¤œ বেতনের এই শিক্ষকরা অসহায় হয়ে পড়েছেন। শিক্ষকরা বর্তমানে এই ৩জন ব্যক্তির হাতে জিম্মি। তারা যা বলবে কোন প্রশ্ন ছাড়াই তা অক্ষরে অক্ষরে পালন করতে হয় এই শিক্ষকদের।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক জানান, তাদের কাছে টাকা না থাকলেও তারা চাকরী হারানোর ভয়ে বাধ্য হয়ে সুদের উপর টাকা নিয়ে সুপারভাইজারের লোকের হাতে এই এক হাজার টাকা দিয়েছেন। অনেক শিক্ষক এই টাকা দিতে না চাইলে তাদের চাকরীতে রাখা হবে না মর্মে হুশিয়ারী প্রদান করা হয়েছে। সাধারণ কেয়ারটেকার ও সুপারভাইজার কি কাজের জন্য এক হাজার করে টাকা নিলেন তাও অনেক শিক্ষক জানে না। এই বিষয়ে শিক্ষকদের নিয়ে কোন মিটিংয়ের আয়োজন করা হয়নি বলেও অনেক শিক্ষক জানান।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো: মুসা সিল্কসিটি নিউজকে বলেন, আমি আমার জেলা স্যারের নিদের্শ এই কাজটি করেছি। কম্পিউটারটি খুব প্রয়োজন বলে কোন প্রকার মিটিং ছাড়াই শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে অফিসের জন্য একটি ভালো মানের কম্পিউটার কিনেছি। সুবিধামতো সময়ে সকল শিক্ষকদের ডেকে এই বিষয়টি জানাবো।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সুলতান আহমেদ সিল্কসিটি নিউজকে বলেন, সুপারভাইজার কম্পিউটার কেনার বিষয়ে আজো আমাকে অবগত করেনি। কম্পিউটার কেনার জন্য যেসব নিদের্শাবলী দেওয়া হয়েছিল তার একটিও সে মানেনি। আমি তদন্ত সাপেক্ষে সুপাইভাইজারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।
স/শ