সদ্য প্রকাশিত
নওগাঁ

বদলগাছীতে সাব-রেজিষ্টারের নেতৃত্বে দলিল লেখকদের জমি দখলের চেষ্টার অভিযোগ

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৮৪ মিনিট পড়া
বদলগাছীতে সাব-রেজিষ্টারের নেতৃত্বে দলিল লেখকদের জমি দখলের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে রাতের আধারে ব্যক্তি মালিকানাধীন আম বাগানের ২৭টি ফলন্ত গাছ কর্তন করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে জমি জবর দখলের চেষ্টার ঘটনায় থানায় এজাহার দাখিলের ১০ দিনেও মামলা রেকর্ড করেননি থানা পুলিশ। মামলা রেকর্ড না করায় আতংকে রয়েছে জমির মালিকরা।

জমির মালিকরা অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহল ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় যে কোন সময় তাদের জমি দখল করে নিতে পারে। এ জন্যে উধ্বর্তন মহলেও হস্তক্ষেপ কামনা করেছেন।

গত ২৬ শে ডিসেম্বর আম বাগান মালিকের ছেলে জাহাঙ্গীর সেলিম বাদি হয়ে বদলগাছী থানায় একটি এজাহার দাখিল করেন।

জানা যায়, উপজেলা সদরের কাদিরবাড়ি গ্রামের বাসিন্দা মৃত. মফিজ উদ্দীন আহম্মেদের উপজেলা সদরের জিধিরপুর মৌজার টিএন্ডটি মোড় সংলগ্ন দেড় বিঘা জমি রয়েছে। প্রায় একযুগ আগে তিনি তাঁর জমিতে আম বাগান করেন। গত ২৪ শে ডিসেম্বর রাত এগারোটায় বদলগাছী উপজেলা সাব-রেজিষ্টারের নেতৃত্বে ৩০-৪০ জন দলিল লেখকসহ তাঁদের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী লাঠিসোটা নিয়ে ওই জমিতে যান। এঘটনাটি জানার পর জমির মালিকের ছেলে জাহাঙ্গীর সেলিম তার ভাইসহ লোকজন নিয়ে সেখানে গেলে তাঁরা তাঁদেরকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। প্রাণভয়ে তাঁরা জমির পাশে একটি বাড়িতে আশ্রয় নেন। এ সময় সাব-রেজিষ্টারের হুকুমে দলিল লেখকেরা আম বাগানের ২৭ টি ফলন্ত আম গাছ কেটে ফেলে। এরপর তাঁরা বাগানের কাটা আম গাছগুলোতে পেট্রেল ঢেলে আগুন দেয়। তবে আম গাছগুলো আগুনে পোড়েনি।

২৫শে ডিসেম্বর সকালে আম বাগানে গিয়ে দেখা যায়, বাগানের আম গাছগুলোর গোড়ালী কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। বাগানের একটি জায়গায় আগুনের ছাই পড়ে আছে।

জমির মালিকের ছেলে জাহাঙ্গীর সেলিম জানান, উপজেলা জিধিরপুর মৌজার সাবেক এস,এ খতিযান নম্বর ২০৭, সাবেক দাগ নম্বর ৪৪ এর কাতে মোট ১ একর ২০ শতক জমি ১৯৭৫ সালে ৯ ডিসেম্বর ২৭২৫৫ নম্বর দলিল মুলে মৃত মশিতুল্লাহ কাজীর ওয়ারিশগনের কাছ থেকে মফিজ উদ্দিন আহম্মেদ মালিক হন। তাঁর মধ্যে ৭০ শতক জমি সরকার অধিগ্রহন করে টিএন্ডটি অফিস স্থাপন করেন। বাঁকি জমিতে মফিজ উদ্দিনের ওয়ারিশেরা আম বাগান করেন। সাথী ফসল হিসেবে সেই জমিতে ধানসহ বিভিন্ন ফসলাদী চাষাবাদ করছিলেন। উক্ত জমিটি খ তফশিল গেজেট ভূক্ত হলে আমার বাবা মফিজ উদ্দীন আহম্মেদ সম্পত্তিটি অবমুক্তি জন্য নওগাঁ সহকারী জজ আদালতে ৩৬৪/২০১৩ মামলা দায়ের করেন। আদালত মামলাটি এ্যাবেট করে দিয়ে যার যার নামীয় নামজারীর আদেশ দেন।

এরপর মফিজ উদ্দিনের বড় ছেলে একে,এম ইকবাল হোসেন নামজারীর জন্য গত ১৩/৭/২০১৫ তারিখে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদন করেন। কয়েক দফা শুনানি শেষে সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এমবস্থায় নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জমিটি তাঁর অধিনস্ত কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে দখলের চেষ্টা করছিলেন। এ ঘটনায় মজিজ উদ্দিন চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নওগাঁ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষের শুনানী শেষে স্থিতিবস্থা জারী করেন।

আদালতের আদেশ অমান্য করে নওগাঁ জেলা প্রশাসক গত ৪/১২/২০১৬ তারিখে ৫২৫৫ দলিল মুলে বদলগাছী সাব-রেজিষ্টারকে দীর্ঘ মেয়াদী লিজ রেজিষ্ট্রি করে দেন। মফিজ উদ্দিন উক্ত দলিল বাতিল চেয়ে গত ৪/১/ ২০১৭ তারিখে জেলা প্রশাসক ও সাব-রেজিষ্টারকে বিবাদী করে নওগাঁ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় বদলগাছী কমিশনার (ভূমি) উক্ত জমিটি বদলগাছি সাব-রেজিষ্টারের অফিসের নামে নামজারী করে দেন। পরে নামজারী বাতিল চেয়ে সহকারী কমিশনার ভূমি বরাবরে আবেদন করেন।

এ অবস্থায় গত ২৪ শে ডিসেম্বর রোববার রাতে সাব-রেজিষ্টারের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন দলিল লেখক সহ ভাড়াটিয়া লাঠীয়াল বাহিনী আমাদের আম বাগানের গাছ কেটে জমিটি দখলের চেষ্টা করেন। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে ঘটনাটি জানালে তাঁরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দখলকারীদের সরমঞ্জাদি জব্দ করে থানায় নিয়ে যায়। অথচ এজাহার দাখিলের ১০ দিন অতিবাহিত হলেও আমার এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। ওসি জালাল উদ্দীন বিভিন্নভাবে তাল-বাহানা করে গরিমসি করছে।

সাব-রেজিষ্টার পারভেজ খান জানান, অন্যের জমি দখল করা কাজ নয়। যে ওই ঘটনা ঘটেছিলে সে দিন আমি অফিসে ছিলাম না। এখন দলিল লেখরা যদি দখল বা অন্য কাজের সাথে জড়িত থাকে প্রশাসন সেটি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারে।

বদলগাছী থানার অফিসার ইনর্চাজ (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপার এর সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা প্রশাসক ড. আমিনুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, ওই সম্পত্তি নিয়ে বাদি-বিবাদি এসেছিলেন। ওই সম্পত্তি যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে। কেউ অন্যায় করতে চাইলে কোন ছাড় দেয়া হবে না। বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শ