সিল্কসিটিনিউজ ডেস্ক: বাহন হিসাবে রেল নিরাপদ হলেও সাধারণ মানুষের কাছে রেলপথ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে রেলকেন্দ্রীক মৃত্যুর হার বেড়েই চলেছে। জি আর পি’র সবশেষ তথ্য অনুযায়ী, ১০ জুন থেকে শুরু হয় ঈদের যাত্রা। আর এ যাত্রার ১১ দিনে মারা গেছে ৩৩ জন। কমলাপুর স্টেশন থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা অংশকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ অংশ ট্রেনের ধাক্কা এবং ট্রেনে নিচে কাটা পড়ে মারা গেছে ১৬ জন। এর বাইরে ভৈরবে ৬ এবং চট্টগ্রাম অংশে ৪ জনের মৃত্যু হয়।
রেলওয়ে ( পূর্বাঞ্চল ) জি আর পি’র অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বলেন, ‘রেল যখন ৮০-৮৫ কি.মি গতিতে চলে, তখন এটি অন্য গাড়ির মতো ব্রেক করা সম্ভব হয় না। কাজেই ট্রেন তার গতিতেই যাবে। মূলত সচেতন হতে হবে মানুষকে। সচেতনতার অভাবেই মারা যাচ্ছে।’
শুধু ঈদের সময় নয়, চলতি বছরের প্রথম ৫ মাসে ৩০৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এর মধ্যে মে মাসে সবচেয়ে বেশি ৭৩ জনের মৃত্যু হয়। যাত্রী কল্যাণ পরিষদের দাবি, প্রতি বছর রেলওয়ে পূর্ব এবং পশ্চিম জোনে অন্তত ২ হাজারের বেশি লোক মারা যাচ্ছে রেল দুর্ঘটনায়।

যাত্রী কল্যাণ পরিষদের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘অনেকে সেলফি তুলতে গিয়ে, কানে হেড ফোন লাগিয়ে, অন্তরঙ্গ অবস্থায় আলাপ করতে করতে লাইনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে, টেনশনে পড়ে রেল লাইন দিয়ে হাঁটতে গিয়েও কিন্তু কাটা পড়ে মারা যাচ্ছেন।’
রেলওয়ে আইন অনুযায়ী রেললাইন ধরে হাঁটাসহ বেশ কিছু ব্যাপারে বিধি নিষেধ রয়েছে। কিন্তু আইন অমান্য করে রেললাইন ধরে হাঁটতে গিয়েই এসব দুর্ঘটনা ঘটছে বলে দাবি রেলের এ কর্মকর্তার।
রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রেল লাইন বরাবর ধরে আইনগতভাবে নিষিদ্ধি। কিন্তু কেউ তা মানেন না। এর বিরুদ্ধে ক্যাম্পেইন করেও কোনো কাজ দিচ্ছে না।’
২০১৪ সাল থেকে ১৭ সাল পর্যন্ত চার বছরে পূর্বাঞ্চলে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১৩ জনের। এর মধ্যে গত বছরই মারা গেছে ৮শ ১২ জন।
সময়










