সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
আন্তর্জাতিক

চীনের আবাসন সংকট ‘ট্যাংক ম্যানের’ পর এবার ‘এক্সকাভেটর ম্যানের’ প্রতিবাদ

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
চীনের আবাসন সংকট ‘ট্যাংক ম্যানের’ পর এবার ‘এক্সকাভেটর ম্যানের’ প্রতিবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আধুনিক চীনের ইতিহাসে সবচেয়ে পরিচিত প্রতিবাদী ব্যক্তি ‘ট্যাংক ম্যান’। ১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারের কাছে এক ব্যক্তি একাই সারিবদ্ধ ট্যাংকের সামনে দাঁড়িয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন।

কয়েক দশক পর গত সপ্তাহে চীনের বাইরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন আরেক প্রতিবাদী—‘এক্সকাভেটর ম্যান’ বা খননযন্ত্র চালক।
গত ৯ নভেম্বর চীনের পশ্চিমাঞ্চলে একটি বড় সরকারি ভবনের সামনে হলুদ রঙের একটি নির্মাণকাজের এক্সকাভেটর বা খননযন্ত্র নিয়ে হাজির হন ওই ব্যক্তি। এরপর যন্ত্রটি দিয়ে ভবনটির সামনের অংশ ভাঙতে শুরু করেন তিনি। পথচারীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘিরে মানুষের আগ্রহের বড় কারণ ছিল প্রতিবাদীর মরিয়া কর্মকাণ্ড। ভবনটি যেমন তার হামলায় ধসে পড়ার ঝুঁকিতে ছিল না, তেমনি সরকারের পতন ঘটানোরও কোনো সম্ভাবনা ছিল না। বরং এমন কাজের পরিণতি হিসেবে ওই ব্যক্তির কারাবন্দি হওয়াই ছিল প্রায় নিশ্চিত।

তবে তাঁর এই একক প্রতিবাদ চীনে কোনো গণআন্দোলনের সূচনা করবে—এমনটা মনে করা হচ্ছে না।

তা সত্ত্বেও ঘটনাটি দেশটির আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট এবং তা থেকে তৈরি হওয়া মানুষের গভীর অসন্তোষের চিত্র সামনে এনেছে।
চার দিন পর দ্য ইকোনমিস্টের সাংবাদিকেরা ঘটনাস্থল শানসি প্রদেশের প্রাচীন শহর সিয়ানের পশ্চিমে ফেংডং নিউ সিটিতে যান। সেখানে সরকারি সেবা কেন্দ্রটির সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল মেরামত করা হচ্ছিল। কর্মকর্তারা ওই ব্যক্তিকে শুধু ৪৭ বছর বয়সী ‘মি. হু’ হিসেবে শনাক্ত করেছেন।

তবে তার এমন পদক্ষেপের কারণ নিয়ে পরস্পরবিরোধী তথ্য ছড়িয়েছে। একটি ধারণা, নির্মাণকাজের পাওনা টাকা না পেয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। অন্যটি হলো, উচ্ছেদ হওয়া কৃষিজমির ক্ষতিপূরণ না পাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন। তবে কর্তৃপক্ষ তার প্রতিবাদের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

চীনের আবাসন খাতের সংকট স্থানীয় সরকারগুলোর অর্থভান্ডারেও বড় ধরনের চাপ তৈরি করেছে। আগে জমি বিক্রি থেকে স্থানীয় সরকারগুলোর প্রায় অর্ধেক রাজস্ব আসত। আবাসন খাতে মন্দা শুরু হওয়ার পর জমি বিক্রি কমে যাওয়ায় উন্নয়ন প্রকল্পের অর্থায়ন ও বিভিন্ন পাওনা পরিশোধে সংকট দেখা দিয়েছে। ফেংডংয়ের একটি উন্নয়নকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রায় ৩৭০ কোটি ইউয়ান ঋণ বকেয়া রয়েছে।

২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের দুই-তৃতীয়াংশের বেশি স্থানীয় সরকার-সংশ্লিষ্ট অর্থায়ন প্রতিষ্ঠান ঋণের সুদ পরিশোধের মতো পর্যাপ্ত আয় করতে পারেনি বলে জানিয়েছে ঋণমান নির্ধারণকারী সংস্থা এসঅ্যান্ডপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুর প্রতি ব্যাপক সহানুভূতি দেখা গেলেও তার একক প্রতিবাদ দেশজুড়ে আন্দোলনে রূপ নেবে- এমন সম্ভাবনা কম। কারণ, এ ধরনের প্রতিবাদের পরিণতি গুরুতর হতে পারে, অথচ দাবি আদায়ের নিশ্চয়তা নেই। তাই স্থানীয় বাসিন্দাদের অনেকেই এখন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে প্রত্যাশা কমিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন।