সিল্কসিটিনিউজ ডেস্ক:
১৯৯৩ সালে আরো দুই বন্ধুর সঙ্গে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন জেনসেন হুয়াং। সেই প্রতিষ্ঠানটি আজ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মুখ হয়ে ওঠেছে।
কিন্তু প্রতিষ্ঠাতার কেলেঙ্কারিতেই আজ সবচেয়ে বড় সংকটের মুখে এনভিডিয়া। সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া প্রেমের জেরে তাকে ছাড়তে হয়েছে এনভিডিয়া। কিন্তু জেনসেনের পদত্যাগেই এনভিডিয়ার সঙ্গে সম্পর্ক ফুরিয়ে যায়নি তার পরিবারের।
জেনসেনের মেয়ে ম্যাডিসন, ছেলে স্পেন্সার এবং জামাতা নিকো ক্যাপ্রেজ এখনো এখনও এনভিডিয়ার জ্যেষ্ঠ নির্বাহীদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেন এবং কম্পানির গতিপথ নির্ধারণ করতে পারেন।

জেনসেন হুয়াংয়ের প্রস্থানের পর কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ায় এনভিডিয়া এখন এক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি, জেনসেন হুয়াং নেতৃত্বে না থাকলে হুয়াং পরিবারের ক্ষমতার কতটুকু টিকে থাকবে?
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার কর্মরত হুয়াং পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর হলেন ৩৫ বছর বয়সী ম্যাডিসন হুয়াং। তিনি মাঝেমধ্যেই বৈঠকে জ্যেষ্ঠ নির্বাহীদের তিরস্কার করেন এবং নিজের পছন্দমতো না হলে যেকোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, গত ফেব্রুয়ারিতে জেনসেন হুয়াং শেষ মুহূর্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এআই সামিট’-এ তার জায়গায় দীর্ঘদিনের মিত্র জে পুরীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে ম্যাডিসন হুয়াং প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং প্রস্তুতির অভাবের কারণে পুরীসহ অন্যান্য নির্বাহীদের ওপর চিৎকার-চেঁচামেচি করেন।
পুরী তাকে বাধা দিয়ে চিৎকার বন্ধ করতে বলেছিলেন। তবে এর ছয় মাস পর পুরী কম্পানি ছেড়ে চলে যান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাডিসন হুয়াং তার বাবার কাছ থেকেই এই বদমেজাজ পেয়েছেন। কম্পানির অন্যান্য নির্বাহীদের সাথে ম্যাডিসন কেমন আচরণ করছেন, তা জেনসেন হুয়াং জানতেন। কিন্তু তিনি চুপ থাকতেন।
সংবাদমাধ্যমটি এর পেছনে জেনসেন হুয়াংয়ের একটি পডকাস্ট মন্তব্যকে কারণ হিসেবে দেখিয়েছে, যেখানে তিনি বলেছিলেন, বাবা হিসেবে তিনি সন্তানদের খুব একটা সময় দিতে পারেননি। জেনসেন আরো বলেছিলেন, তিনি ম্যাডিসন ও স্পেন্সারের শৈশবের অনেক কিছুই মিস করেছেন।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পরপরই তার স্ত্রী লোরি তড়িৎ প্রকৌশলীর চাকরি ছেড়ে দিয়ে সন্তানদের লালন-পালনের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। ওই পডকাস্টে জেনসেন হুয়াং বলেছিলেন যে তার সন্তানেরা ছোটবেলা থেকেই এনভিডিয়াকে ভালোবাসতে শিখেছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, ‘দুই সন্তানই শেয়ারহোল্ডারদের লেখা প্রতিটি চিঠি পড়েছে, প্রতিটি শেয়ারহোল্ডার সভায় গেছে এবং আমি যত সম্মেলনে অংশ নিয়েছি, তার প্রতিটিতেই উপস্থিত ছিল। আমি বেশিরভাগ সময় দূরে থাকা সত্ত্বেও তারা সবসময় কম্পানিটিকে ভালোবাসার পথ খুঁজে নিয়েছে।’
এই পরিবেশই ম্যাডিসনের শুরুর বছরগুলো গড়ে তুলেছিল, যিনি ২০২০ সালে পারিবারিক এই ব্যবসায় যোগ দেন।আনুষ্ঠানিকভাবে তিনি ফিজিক্যাল এআই-এর প্রোডাক্ট মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ পরিচালক। কিন্তু বাস্তবে তিনি তার বাবার চিফ অব স্টাফ বা প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন এবং এনভিডিয়ার বিপণন ও যোগাযোগ বিভাগের ওপর তার ব্যাপক প্রভাব ছিল। তিনি বাবার সাথে ত্রৈমাসিক সভাগুলোতে অংশ নিতেন এবং তার তারকা ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করেছিলেন।
স্পেন্সার হুয়াং ২০১৩ সালে কলাম্বিয়া কলেজ শিকাগো থেকে স্নাতক শেষ করে ২০২২ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং বর্তমানে কম্পানিটির রোবোটিক্স উদ্যোগের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তাকে শান্ত স্বভাবের এবং নিজের দায়িত্বের প্রতি মনোযোগী হিসেবে গণ্য করা হয়।
ম্যাডিসন হুয়াংয়ের স্বামী নিকো ক্যাপ্রেজ ২০২৪ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং দ্রুতই শীর্ষ পর্যায়ে উঠে আসেন। তিনি এআই অবকাঠামো বৃদ্ধির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জেনসেন হুয়াংয়ের সাথে নির্বাহী দলের বৈঠকগুলোতেও অংশ নিতেন।
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ম্যাডিসন ২০১২ সালে কালিনারি ইনস্টিটিউট অব আমেরিকা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্যারিস ও লন্ডনের ‘লে কর্ডন ব্লু’-তে বেকিং ও ওয়াইন নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি চার বছর ধরে বিলাসবহুল হোটেল এবং লুই ভুইটন মোয়েট হেনেসির মালিকানাধীন একটি ইতালীয় পেস্ট্রি শপ পরিচালনা করেন।
২০১৯ সালে তিনি লন্ডন বিজনেস স্কুলে পড়াশোনা শুরু করেন, যেখানে ক্যাপ্রেজের সাথে তার পরিচয় হয়। হুয়াং পরিবারের সদস্যদের চেনেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ম্যাডিসন অত্যন্ত তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির অধিকারী এবং যেকোনো কাজ আদায় করে নিতে জানেন। ম্যাডিসন হুয়াং আক্রমণাত্মকভাবে তার বাবার প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতেন।
কোলেট ক্রেস যখন কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ছিলেন, তখন রোবোটিক্স কম্পানিতে বিনিয়োগ এবং ক্যাপ্রেজ যেসব চুক্তি করতে চেয়েছিলেন সেগুলো নিয়ে ম্যাডিসনের সাথে ক্রেসেরও বিরোধ হয়েছিল। ম্যাডিসনের ক্ষমতা বাড়ার সাথে সাথে কর্মীরা এনভিডিয়া ছাড়তে শুরু করেন। নিউ ইয়র্ক টাইমসের মতে, তার কারণে এক ডজনেরও বেশি কর্মী কম্পানি ছেড়ে চলে গেছেন।
জেনসেন হুয়াংয়ের প্রস্থান এনভিডিয়াকে কেবল নতুন নেতা খোঁজার চেয়েও বড় একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে: কম্পানির ভেতরে তার পরিবার যে প্রভাব বিস্তার করত, তার কী হবে? কোলেট ক্রেসকে এখন নির্ধারণ করতে হবে যে বাবা নেতৃত্বে না থাকা অবস্থায় ম্যাডিসন কতটুকু কর্তৃত্ব ধরে রাখতে পারবেন।
জেনসেনের ছেলে স্পেন্সারও এনভিডিয়ার একটি জ্যেষ্ঠ পদে থাকায়, ক্রেসের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো—যে কোম্পানিতে পারিবারিক প্রভাব এবং করপোরেট সিদ্ধান্ত গ্রহণ ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল, সেখানে এই দুটির মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া।
সূত্র: এনডিটিভি










