সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন সভা

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৩২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়নে জনগণের অংশগ্রহণ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

এ উপলক্ষে সোমবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিসেফের সহযোগিতায় এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

এ সময় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপ-সচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ ও পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।

বক্তারা বলেন, পৌর এলাকার কোন ওয়ার্ডেই বাল্য বিবাহ ও মাদক থাকবে না। এজন্য জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বারসহ সমাজের সকল স্তরের সূধী সমাজকে কাজ করতে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে জেলা প্রশাসক বলেন, বাল্যবিয়ে দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না, মাদককে না বলবেন। আপনারা হয়তো ভাবছেন, অল্প বয়সী মেয়েটার বিয়ে দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তা সঠিক নয়। আপনাদের চারপাশেই আছে, নানা কারণে তালাকপ্রাপ্ত হয়ে বাপের বাড়ি ফিরে এসে মেয়েটি বাপের ঘাড়ের বোঝা হচ্ছে। শুধু তাই নয়, সাথে একটি বা দুটি সন্তান নিয়ে ফিরে আসছে। বাল্য বিয়ের কারণে মেয়েটির জীবন নষ্ট করে ফেলছেন। আর তাই এটা করা যাবে না। সন্তানদের খোঁজ রাখবেন, তারা যেন কোনো দুষ্টের পাল্লায় পড়ে বিপথে চলে না যায়।

এ সময় তিনি সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনাসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। বঙ্গবন্ধু বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চায়না। জনগণের উন্নয়ন চায়। ঠিক তেমনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একই ধারায় কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিসেফের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক উম্মে কুলসুম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, ড. এমদাদুল হক মামুন, সমাজ সেবক গৌরী চন্দ্র সিতু, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।