সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মোটরসাইকেল শোভাযাত্রা

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৩২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মোটরসাইকেল শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের দেশব্যাপী নানা উন্নয়নের চিত্র তুলে ধরে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন ও সফলতা তুলে ধরে এই শোভাযাত্রা ও সংক্ষিপ্ত পথ সমাবেশের আয়োজন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. নজরুল ইসলাম।

শোভাযাত্রায় উপজেলার প্রত্যন্ত গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে রাণীহাটি জিরো পয়েন্ট এলাকায় এসে সমবেত হন। পরে সেখান থেকে কয়েক হাজার মটরসাইকেল নিয়ে সমর্থকরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শিবগঞ্জ-কানসাট-খাসের হাট-মনাকষা বাজার হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ও সফলতার কথা তুলে ধরে সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম বলেন, স্বাধীনতা পরবর্তী যেসব দল বাংলাদেশ শাষণ করেছেন তারা শোষণে লিপ্ত ছিলেন। উন্নয়নের বিন্দুমাত্র ছিঁটেফোঁটা দেশের প্রত্যন্ত অঞ্চল তো দূরের কথা রাজধানী ঢাকাতেও কোন উন্নয়ন করেননি। কিন্তু বঙ্গবন্ধু দেশকে ভালোবাসতেন আর তারই সুযোগ্য কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দেখা পথ অনুসরণ করে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে রাস্তা-ঘাট নির্মাণসহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছেন। গরীব অসহায়দের দিয়েছেন বাড়ি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে তাদের সম্মানীত করেছেন। জমি পতিত না রেখে তাতে নানারকম খাদ্য শষ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করে দেশকে করেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. নজরুল ইসলাম।

শোভাযাত্রা ও সমাবেশে অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ কে সামনে রেখে রাজনৈতিক নেতাকর্মীদের প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসন। আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকারের উন্নয়ন ও সফলতার কথা তুলে ধরছেন সাধারণ ভোটারদের সামনে।