নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মামলার প্রতিবাদে সংবাদিক সম্মেলনের আয়োজন করেছে বিএমএ ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ।
শুক্রবার দুপুরে শহরের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার যুগ্ম সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ জুন দুুপুর আড়াইটায় এক প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে শারিরীক পরীক্ষা করেন। এসময় তার ১০৩ ডিগ্রী জ্বর, কাঁপুনি, শ্বাস কষ্ট এবং শারিরীকভাবে খুবই দুর্বল ছিল। বাচ্চার নড়াচড়া বন্ধ এবং হৃদস্পন্দন ছিল খুব দ্রুত এবং স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুত ছিল না। আল্টাসনোগ্রাম পরীক্ষায় বাচ্চার হৃদস্পন্দন ছিল ১৭৪ প্রতি মিনিট, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশী।
এমতাবস্থায় চিকিৎসক শহিদুল ইসলাম (কনসালট্যান্ট সার্জারি) প্রসূতির স্বজনদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু রোগীর আত্মীয় ল্যাব ওয়ানের কর্মচারী সোহাগ ও তার স্বজনরা চিকিৎসককে অপারেশন করার জন্য অনুরোধ করেন। রোগীকে অ্যান্টোবায়োটিক, অ্যান্টিআলসারেন্ট, স্টেরয়েড ও বমির ইনজেকশন দেয়া হয় । অতঃপর অপারশেন থিয়েটার বের হয়ে রোগীর স্বজনদের জানান রোগীর অবস্থা ভাল নয়।
একপর্যায়ে রোগী অজ্ঞান হয়ে পড়লে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখার শেষ প্রচেষ্টা চালানো হয়। এসময় তার হৃদযন্ত্র চালু না হওয়ায় রোগী মারা যায়। ঘটনার ৪ দিন পর অসৎ দালাল ও কুচক্রিমহলের অপতৎপরতায় রোগীর স্বজনরা রোগীর মৃত্যু মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ তুলে সদর মডেল থানায় চিকিৎসকসহ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। যা আমাদের পেশাগত মূল্যবোধ ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করার হীন ষড়যন্ত্র মাত্র।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএর’ চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন,স্বাচিপের জেলা সভাপতি ডাঃ আব্দুস সালাম, প্রাইভেট ক্লিনিক ওনার্সর্ অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডাঃ ইউসুফ আলী, সহ-সভাপতি ডাঃ ময়েজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক রুবেল ইখতারুল হক প্রমুখ।
স/শ









