সিল্কসিটিনিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ছায়েব আলীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় সংঘর্ষে অন্তত ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছাড়েন।
রবিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গণ-অভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগ দেন।
বর্তমানে তিনি আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়।
এতে থানার অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হন।
এদিকে ছায়েব আলীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা এনসিপির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এতে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।










