সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া
গোমস্তাপুরে নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া  এক অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় মিলেছে। ওই নারী ভারতীয় নাগরিক। ২৫ বছর বয়সী ওই নারীর নাম শম্পা খাতুন।
তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মোসলেমপুর গ্রামের বাসিন্দা ইনাউল শেখের মেয়ে। সোমবার সন্ধ্যা ৭টার পর শিবগঞ্জ থানার সোনা মসজিদ চেকপোস্ট ও ভারতীর মহদিপুর জিরোপয়েন্টে বিজিবি- বিএসএফের উপস্থিতি তাঁর মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় পুলিশের মালদা ইংলিশ বাজার থানার লুকাচুরি ক্যাম্পের ইনচার্জ এসআই ঝোটন প্রসাদ, ওই এলাকার পঞ্চায়েত প্রধানসহ পরিবারের লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শওকত আলী।
ভারতীয় পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ভারতীয় ওই নারী সীমান্ত নদী  মহানন্দার উপর ভারতীয় অংশে নির্মিত শাহাপুর ব্রিজ হতে নদীতে লাফ দেয়। পরে তার মরদেহটি নদীর স্রোতে বাংলাদেশ অভ্যন্তরে চলে আসে। গত রবিবার (১ অক্টোবর) গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটঙ্গী গ্রামের মহানন্দা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় তার ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ  ঘটনাস্থলে এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে  পাঠিয়ে দেন এবং তাঁর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে ওই নারীর পরিবার ভারতের পশ্চিমবঙ্গের মালদার জেলার ইংলিশ বাজার থানার মাধ্যমে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সাথে ওই নারীর বিষয়ে যোগাযোগ করে ভারতীয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন,  গত ১ অক্টোবর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। পরে পরিচয় শনাক্তের পর ওই নারীর লাশ আইনী প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারত-বাংলদেশ সীমান্তের জিরোপয়েন্টে বিজিবি এবং বিএসএফের উপস্থিতিতে ইংলিশ বাজার থানার লুকাচুরি ক্যাম্পের ইনচার্জ এসআই ঝোটন প্রসাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।