সিল্কসিটিনিউজ ডেস্ক:
জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য হুমকি হয়ে উঠেছে বলে সতর্ক করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। তার মতে, মানুষের ভালোবাসার সবকিছুই এখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় মুনাফা ও রাজনৈতিক ক্ষমতার চেয়ে মানুষ ও পৃথিবীর সুরক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে এসে এসব কথা বলেন গ্রেটা।

জাতিসংঘের জলবায়ু আলোচনা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এসব আলোচনা ‘ভণ্ডামিতে’ পরিণত হয়েছে। প্রতিবছর সম্মেলনের আয়োজক দেশগুলো নিজেদের দায় আড়াল করার সুযোগ পায়।
অন্যদিকে পরিবেশের ক্ষতি করে মুনাফা অর্জনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর লবিস্টরা এসব আলোচনায় প্রভাব বিস্তার করে।
গ্রেটা বলেন, ‘জলবায়ু পরিবর্তন সবকিছুর জন্য হুমকি। আমাদের ভালোবাসার সবকিছু ও সবাই ঝুঁকির মুখে রয়েছে। অল্প কিছু মানুষের বিপুল মুনাফা ও ভূ-রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য বিশ্বের অধিকাংশ মানুষ এবং পৃথিবীকে বলি দেওয়া হচ্ছে।
এর পরিবর্তে মানুষের নিরাপত্তা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত।’ তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো মানব প্রকৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে।
এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাপপ্রবাহ ও বন্যাসহ বিভিন্ন প্রাণঘাতী দুর্যোগের এক বছর পর। একই সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে নতুন করে জ্বালানি সংকটও তৈরি হয়েছে। কপ-৩১ এর সহ-আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানি এবং ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দিচ্ছে।
তবে বিদ্যুৎ উৎপাদনে দেশ দুটি এখনো জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লার ওপর নির্ভরশীল।
২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একক প্রতিবাদ শুরু করে আলোচনায় আসেন গ্রেটা। ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে ‘বাজে কথা’ বলে সমালোচনা করেছিলেন তিনি। এরপর আন্তালিয়ার সম্মেলনেই প্রথমবারের মতো আবারও অংশ নিলেন এই জলবায়ুকর্মী।
গ্রেটার উপস্থিতিতে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া তরুণ জলবায়ুকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটসের ফেলো অ্যাম্বার টার্নার বলেন, গ্রেটার উপস্থিতি তাদের জলবায়ু আন্দোলনের মূল উদ্দেশ্য মনে করিয়ে দেবে বলে আশা করেন তিনি। সিঙ্গাপুরের তরুণ পরিবেশকর্মী কিয়ুন উ বলেন, গ্রেটার উপস্থিতি এমন এক প্রজন্মের দাবিকে আরো জোরালো করবে, যারা এসব আলোচনার সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতে বহন করবে।
২০ নভেম্বর পর্যন্ত আন্তালিয়ায় চলবে কপ-৩১ সম্মেলন। আগামী বছরের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় কপ-৩২ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









