সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে প্রবেশ করা আরো ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।
শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এতদিন শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। এভাবে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।









