নাজমুল হক নাহিদ, আত্রাই নওগাঁ :
নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী হিন্দু ধর্মাবলম্বীদের সীতারাণীর স্মৃতি বিজড়িত ‘সীতাতলার মেলা’ শেষ হয়েছে। গত শনিবার আত্রাই উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে নিভৃত পল্লী জামগ্রাম শুরু হয়েছিল এ মেলা।
ঐতিহ্যবাহী এ মেলায় বহু লোকের সমাগমও হয়েছিলো। উপজেলার এই জামগ্রামেই সেই যুগ যুগ থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী সীতাতলার এ মেলা। শত শত বছর পূর্বে রামচন্দ্র তার স্ত্রী সীতা রাণীকে এখানে বনবাস দিয়ে ছিলেন। আর সীতা বনবাসের এক পর্যায় জামগ্রামের এ বনে একটি প্রকান্ড বটগাছের নিচে আশ্রয় নেন এবং জীবনের বাঁকি সময় এ গাছটির নিচেই তিনি কাটিয়ে দেন।
আজো দূর-দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী লোকজন মেলায় আসেন দেবী সীতার প্রতি শ্রদ্ধা-ভক্তি জানাতে। সীতা যে বট গাছের নিচে থাকতেন সেখানে বহু দূর-দূরান্ত থেকে আসা লোকজন হাঁটু গেড়ে বসে সীতা দেবীর প্রতি শ্রদ্ধা জানান তারা।

জানা যায়, প্রাচীন যুগে এ অঞ্চলটি ছিলো ঘন বন-জঙ্গলে পরিপূর্ণ। পঞ্চবটির এ জঙ্গলের ভিতরে ছিলো প্রকান্ড এক বট গাছ। আর এ মৃত প্রায় বট গাছটি এখনো রয়েছে। এ বট গাছটির নিচেই নাকি সীতা দেবী বসবাস করতেন। গাছটির পার্শে রয়েছে এক বিরাট ইন্দারা। কথিত আছে, সীতা এই ইন্দারার পানিতেই স্নান করতেন। বিশ্বকর্মা এক রাতেই নাকি নির্মাণ করেছিলেন এই ইন্দারা। সেই রেশ ধরেই সীতার নামেই মেলার নামকরন করা হয়েছে ‘সীতাতলার মেলা’ শত বছরের ঐতিহ্যবাহী সীতাতলার মেলা জমজমাট ভাবে প্রতি বছর হয়ে আসছে।
এক সময় এ বট গাছটির বিভিন্ন ভাঁজে ভাঁজে অসংখ্য কষ্টি পাথরের মূর্তি ছিলো। ধীরে ধীরে সেগুলো মূর্তি চুরি হয়ে গেছে। শুরুর দিকে এটি হিন্দু সম্প্রদায়ের মেলা থাকলেও বর্তমানে আর তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এ মেলা হিন্দু, মুসলিম সকলের যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। মেলা উপলক্ষে উপজেলার জামগ্রামসহ পার্শবর্তী গ্রামগুলোতে সাজসাজ রব পড়ে যায়। আশপাশের গ্রামগুলোতে পড়ে যায় উৎসবের ধুম ।
দূর-দূরান্তের আত্মীয়-স্বজনে ভরে যায় প্রায় প্রতিটি বাড়ি। প্রতি বাড়িতে বিভিন্ন ধরনের মিঠাই মিষ্টান্ন পিঠা ও ভালো খাবারের ব্যাবস্থাও করা হয়। জামগ্রামসহ আশপাশের গ্রামগুলোতে এখন জামাই, মেয়ে বিয়াই, বিয়ানসহ আতœীয় স্বজনের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ঐতিহাসিক এ মেলাকে কেন্দ্র করে জেলা সদরসহ পার্শ্ববর্তী বগুড়া, নাটোর, শান্তাহার, জয়পুরহাট, রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোকজন এই মেলাই বেড়াতে এসে ব্যাপক কেনা-কাটাও করে। যা এবারের মেলাতেও ব্যাতিক্রমও ঘটেনি।
ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরোদজ্জা জানান, সীতাতলার এ মেলাকে ঘিওে কঠোর নিরাপত্তার জোরদার করা হয়েছিলো। এবং আনন্দঘন পরিবেশে মেলাই আসা লোকজনের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিলো। মেলাতে কোন বিশৃঙ্খলা হয়নি, সুষ্ট সুন্দর ভাবে মেলা শেষ হয়েছে।
স/আ










