সিল্কসিটিনিউজ ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে উপজেলার তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ওসি শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাইদুল ইসলাম লালমনিরহাট থেকে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
এ সময় মিঠাপুকুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।










