
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুর রহমান।

মামলার আসামীরা হলো নওগাঁ শহরের খাস-নওগাঁ মহল্লার বাসিন্দা খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম (৪৬), বদলগাছী থানার দ্বাড়িশন গ্রামের বাসিন্দা ও উপ-খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম (৪৯) এবং মহাদেবপুর থানার চকগোবিন্দপুর গ্রামের বাসিন্দা খাদ্যগুদামের শ্রমিক সর্দার আজমের আলী (৫২)।
মামলার এজাহার সূত্রে জানা যায় মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান গত দুই বছর থেকে কর্মরত আছেন। গত ১৭এপ্রিল সকাল ১০টার দিকে মহাদেবপুর উপজেলার ইউএনও কামরুল হাসান সোহাগ এলএসডির ১নং গুদামের দক্ষিণ পার্শ্বে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান। এসময় তিনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসানকে ফোনে ডেকে নেন।
এ বিষয়ে রাশেদুল ইসলাম ও আজমের আলী চালের বিষয়ে কোন উত্তর দিতে পারেননি। খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনিও কোন উত্তর দিতে পারেননি এবং তার জ্ঞাতসারেই চালের বস্তাগুলো পরিবর্তন করা হচ্ছিল বলে জানা যায়। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও নির্দেশক্রমে মোট ৪২০বস্তা (প্রতিটি বস্তা ৩০ কেজি) চালসহ ট্রাক থানায় পাঠানো হয়। সেই সাথে ১নং গুদামটি সিলগালা করা হয়।
মামলার বাদী দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ বলেন আতিকুল ইসলাম, রাশেদুল ইসলাম ও আজমের আলীসহ অজ্ঞাত আরো ২-৩ জন মিলে পরস্পর যোগসাজসে অধিক মুনাফা লাভের আশায় ভালো মানের চাল গুদামের মধ্য থেকে বের করে অপেক্ষাকৃত নিম্নমানের চাল গুদামের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিল। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।









