সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নারীকে থানায় আটকে নির্যাতনের অভিযোগ, পুলিশের অস্বীকার 

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৩৩ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে নারীকে থানায় আটকে নির্যাতনের অভিযোগ, পুলিশের অস্বীকার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

মানসিক ভারসাম্যহীন ভাগ্নেকে ছাড়াতে গিয়ে শিউলী খাতুন নামে এক নারীকে আটক করে থানায় বর্বর নির্যাতনের পর কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে শিবগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। তবে সকল অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে এসব মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের একটি হোটেলে শিবগঞ্জ উপজেলার দৌলতপুর কদমতলা গ্রামের আব্দুল মজিদের মেয়ে ভুক্তভোগি শিউলী খাতুন শিবগঞ্জ থানার ওসিকে দায়ী করে বলেন, চলতি মাসের ১২ তারিখ মঙ্গলবার রাতে মনাকষা বিশ্বনাথপুরের তোজাম্মেল হক ও আমার বোন রেখা রানীর ছেলে মানসিক ভারসাম্যহীম ইমন ঢাকা থেকে ফিরে আসলে তার বন্ধু শামীম দেখা করব বলে বাইরে ডাকে। এ সময়  পুলিশ পূর্বের একটি ছিনতাই মামলায় তাকে আটক করে। এর প্রক্ষিতে পরের দিন ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে আমি ও আমার মা সাহেলা বেগম ইমনকে ভারসাম্যহীন দাবী করে ডাক্তারের চিকিৎসাপত্র নিয়ে থানায় দেখা করতে গেলে পুলিশ ডাক্তারের চিকিৎসা পত্র না দেখে ও কথা না শুনে নানারকম হুমকি ও ভয়ভীতি দেখিয়ে থানা থেকে বের করে দেয়ার চেষ্টা করে। পরে শিবগঞ্জ থানার ওসি জোবায়ের আহমেদ ক্ষিপ্ত হয়ে এসআই সিরাজ, এএসআই শহিদুল ও এক মহিলা কনষ্টেবলের সহযোগীতায় সেখানে পড়ে থাকা সজনে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করে প্রায় বিবস্ত্র করে ফেলে।

এতে আমার শরীরের বিভিন্ন অংশে জখম হয় এবং গুরুতর আহত হলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পুরোপুরি সুস্থ না হলেও জেলা সদর হাসপাতালে চিকিৎসা করার নামে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা মিথ্যা মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পরে আমি জামিনে মুক্ত হয়।

এ সময় শিউলি খাতুন আরো বলেন, শুধু আমাকে মেরেই ক্ষান্ত হয়নি পুলিশ। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদের উপস্থিতিতে ও

নির্দেশে পুলিশ আমার বোন ও মাকেও বেধড়ক মারধর করে। আমাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় বিবস্ত্র হয়ে গেলেও পুলিশ কোন ছাড় দেয়নি। আমি এটার বিচার চাই। পুলিশ এটি অন্যায় করেছে। সুষ্ঠু তদন্ত করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়। একজন সেবাগ্রহীতা নারীকে নিরাপত্তা না দিয়ে উল্টো থানার মধ্যে এভাবে মারধরের পর মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংবাদ সম্মেলনে শিউলী খাতুন আরও অভিযোগ করে বলেন, শিবগঞ্জ উপজেলায় পুলিশের জব্দকৃত বিভিন্ন মাদক পুলিশের দালাল তার সৎ ভাই দুলালকে দিয়ে ব্যবসা করায়। আর এর প্রতিবাদ করতে গেলে দুলালের সাথে তাদের পারিবারিক বিরোধের জের ধরেই পুলিশ দুলালের পক্ষ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আর তাই তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন সংবাদ সম্মেলনে।

তিনি আরও বলেন,পুলিশের উপর আস্থা রেখে মানুষ বিচারের দাবিতে থানায় যায়। থানায় গিয়ে উল্টো এমন হামলা মারধর ও মামলায় পড়তে হলে পুলিশের প্রতি জনগণের আস্থা হারিয়ে যাবে। আর তাই পুলিশ সুপার মহোদয় বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করেন শিউলি খাতুন। আমাকে অন্যায়ভাবে আটক করে কারাগারে প্রেরণ করেছে। আমি জামিনে মুক্ত হয়ে এসে এই সংবাদ সম্মেলনে বিচার দাবি করছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।পুলিশ এখনও আমাদেরকে নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

তবে মারধরের কথা অস্বীকার করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ছিনতাই ঘটনায় জনতার হাতে আটককৃত ইমনকে থানা থেকে ছাড়া না হলে আত্মহত্যার চেষ্টা করে তার খালা শিউলী খাতুন। এ সময় পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে সে উল্টো পুলিশকে গালিগালাজ ও মারধর করেছে।

সংবাদ সম্মেলনে শিউলী খাতুনের মা সালেহা বেগম, বোন রেখা রানি, বোনের মেয়ে মাসুমা, চাঁদনী, তামান্না, প্রতিবেশী মুনিরুল রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।