
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৭ আগস্ট) রাতে সদর উপজেলার হাতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিক-আপ থেকে এই মাদক উদ্ধার করে পুলিশ। অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত পিক-আপ।
আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর ইউনিয়নের মোকারিম টোলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫) এবং একই ইউনিয়নের মুন্সিটোলা গ্রামের লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪)।
এ বিষয়ে বুধবার (৯ আগস্ট) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি অপারেশন দল পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকার ও অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদারের তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস আই রিপন কুমার মন্ডলের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স জেলার সদর উপজেলার হাতাপাড়ায় সোমবার (৭ আগস্ট) দিবাগত রাতে প্রধান সড়কে অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করে।

এ সময় হলুদ গুড়ার বস্তা ও হলুদ ভাঙ্গা মেশিনসহ কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিক-আপের হলুদ মরিচের গুড়ার বস্তার ভেতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬ টি বস্তায় মোট ৩৬ কেজি নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে হলুদ মরিচের গুঁড়ার বস্তা, হলুদ মরিচ ভাঙ্গা মেশিনসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিক-আপটি জব্দ করা হয়। আটক করা হয় জনি, রফিকুল, নাসির ও শহিদুলকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিষিদ্ধ মাদক গাঁজা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদেরকে সদর থানায় সোপর্দ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








