নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত ৫০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে এই বিষ প্রয়োগ করে। বিষের প্রভাবে ভোর থেকেই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠে। এরপর আশপাশের গ্রামের লোকজন মারা যাওয়া অধিকাংশ মাছ তুলে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের কাছ থেকে জমি লিজ নিয়ে এক বছর আগে পুকুর খনন করেন মুগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে মাসুদ রানা, মারুফ হোসেন ও মাহামুদ সরকার অনিক নামের তিনজন। পুকুর খননের মূল উদ্যোক্তা মাসুদ রানা হলেও তার অংশের কাগজপত্র করা হয় তার পিতা আবুল কাশেমের নামে। পরে পুকুর নিয়ে তিন অংশিদারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয় বলে ধারনা করা হচ্ছে। তিন অংশিদারের বিরোধের কারণে পুকুরের লিজ বিক্রি করে দেন তারা। লিজটি কিনে নেন পাশের গ্রামের বাসিন্দা ও আউচপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জান মোহাম্মদ।

সংশ্লিষ্ট সূত্রমতে, প্রথমে মারুফ হোসেন ও মাহামুদ সরকার অনিক তাদের অংশ ৪০ লাখ টাকায় জান মোহাম্মদের কাছে বিক্রি করে দেয়। গত বছরের ১২ নভেম্বর লিজ কেনা বেচার দালিল স্বাক্ষর হয়। এর তিনদিন পর গত ১৫ নভেম্বর অপর অংশের মালিক মাসুদ রানার বাবা আবুল কাশেম কবিরাজ ছয় লাখ টাকায় তার অংশ জান মোহাম্মদের কাছে বিক্রি করে দেন। যাতে স্বাক্ষী হিসেবে সাক্ষর করেন মাসুদ রানা ও তার চাচা আনিসার রহমানসহ পাঁচজন। লিজের শর্ত হিসেবে প্রতি পুকুরের জমির জন্য কৃষকরা পাবেন বছরে ২০ হাজার টাকা। সে হিসেবে গত ২৫ জানুয়ারি জান মোহাম্মদ ৫৫ বিঘা আয়তনের পুকুরের জমির মালিক ৮৫ জন কৃষকে তাদের এক বছরের লিজের অর্থ ১১ লাখ টাকা পরিষদ করেন। এছাড়াও কৃষকদের পূর্বের বাকি ছিল তিন লাখ টাকা। যা পরিষদ করা হয়।
জান মোহাম্মদ জানান, প্রথমে পুকুর খননকারিদের কাছ থেকে লিজ নিয়েই তিনি পোনা মাছ ছাড়তে শুরু করেন। সেখানে মোট ৮৫ মন পোনা মাছ ছাড়া হয়েছে। যার মূল্য প্রায় সাত লাখ টাকা। তিনি বলেন, গত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি পরাজিত হয়। এর কিছুদিন পর মাসুদ রানা ওই পুকুরে মাছ চাষ বাবদ আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ অর্থ দিতে অস্বীকার করায় পুকুরটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় মাসুদ ও তার লোকজন। এ অবস্থায় নিরাপত্তার জন্য পুকুরের চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়।
জান মোহাম্মদ বলেন, গত ২৫ মার্চ পুকুরে হামলা চালিয়ে ৫১টি সিসিটিভির ক্যামেরা ভাঙচুর করে সেগুলো নিয়ে যায়। এছাড়াও ডিভিডি ও মনিটর এবং তারসহ সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুকুরের পাহারাদার মোজাফ্ফর হোসেন পাইক বাদি হয়ে বাগমারা থানায় অভিযোগ দিলেও রহস্যজনক কারণে পুলিশ মামলা রেকর্ড করেনি।
উল্টো এ ঘটনা ধামাচাপা দিতে আমাদের উপর ১ লাখ ৭২ হাজার ৮০০ টাকা চুরি ও পাঁচ লাখ টাকা চাঁদাবাজির মামলা দেয়া হয়। সেই মামলায় ৭৩ বছর বয়সের অবসরপ্রাপ্ত এক শিক্ষককে ধরে চালান দেয় পুলিশ। এ ঘটনার কয়েকদিন পর পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করা হয়।
জানতে চাইলে মাসুদ রানা মুঠোফোনে জানান, পুকুরের লিজ নিয়ে কথা বলার জন্য তাদের বাসায় ডেকেছিলের জান মোহাম্মদ। যেখানে তার (মাসুদ) অংশের মূল্য হবে ৩৫ লাখ টাকা সেখানে ছয় লাখ টাকার দলিল করে সেখানে তাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে।
বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, পুকুরের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। দু-তিনদিনের মধ্যে উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে। তিনি আরও বলেন, পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করেছে সেটি তদন্ত করা হচ্ছে। পুকুরের বিষয়ে উভয় পক্ষ একাধিক অভিযোগ দিয়েছেন। সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
জি/আর









