সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

নওগাঁয় নালার বর্জ্য রাস্তায় ফুটপাতে,পথচারিদের ভোগান্তি

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
নওগাঁয় নালার বর্জ্য রাস্তায় ফুটপাতে,পথচারিদের ভোগান্তি

কাজী কামাল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ পৌরসভার কোটি কোটি টাকায় নির্মিত নালা পরিষ্কার করতে গিয়ে বর্জ্য তুলে রাখার জায়গা নেই। এগুলো তুলে রাখা হচ্ছে রাস্তা ও ফুটপাতে। গত পাঁচ-ছয় দিন ধরে পৌরসভার প্রধান সড়ক (নওগাঁ-সান্তাহার সড়ক) সহ উকিলপাড়া, চকদেব পাড়া, বাঙ্গাবাড়িয়া, কলেজ পাড়া এলাকায় সড়কের ওপর বর্জ্য ফেলে রাখায় এলাকাবাসী ও পথচারীরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে।
নালা-নর্দমার এসব বর্জ্যরে কারণে একদিকে সাধারণ পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অন্যদিকে দিনের পর দিন স্তূপ হয়ে পড়ে থাকা এসব কাদামাটিসহ বিভিন্ন আবর্জনা থেকে বাতাসের মাধ্যমে নির্গত জীবানু স্থানীয় লোকজনের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়াচ্ছে।
শনিবার সরেজমিনে শহরের প্রধান সড়কের মহিলা কলেজ, সরিষাহাটির মোড় এলাকা এবং ব্রীজের মোড়-ডিগ্রির মোড় সড়কের উকিলপাড়ায় পৌরসভার নালার আবর্জনা রাস্তা ও ফুটপাতের পর বিশাল কাদামাটি ও ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে পৌরসভার নালা তৈরি না করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ১৫-১৬ দিন যেতে না যেতেই নালাগুলো বর্জ্যে ভরে যায়। বিশেষ করে উকিলপাড়া এলাকার অধিকাংশ রাস্তা ত্রুটিপূর্ণ হওয়ায় শুষ্ক মৌসুমেও বাসা-বাড়ির পানি নালায় যেতে পারে না। উল্টো নালার পানি বাসা-বাড়িতে ঢুকে পড়ে। এ অবস্থায় পৌরসভার শ্রমিকরা কয়েকদিন পর পর নালার অতি দুর্গন্ধযুক্ত বর্জ্য তুলে রাস্তা এবং ফুটপাতে ফেলে রাখছে। উঠানো বর্জ্য দ্রুত সরিয়ে না নেওয়ায় তার অধিকাংশ আবার নালায় পড়ে যাচ্ছে। বৃষ্টি হলে তো কথাই নেই, সবটাই ফের চলে যায় নালায়। ফলে, এক ভয়াবহ অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে।


উকিলপাড়া এলাকার বাসিন্দা রাণীনগর মহিলা কলেজের প্রভাষক বেলায়েত হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, ‘প্রতি মাসে নালা পরিষ্কারের নামে যেভাবে দিনের পর দিন রাস্তার ওপর দুর্গন্ধযুক্ত বর্জ্য ফেলা রাখা হচ্ছে তাতে আমাদের দুর্ভোগ আরও বাড়ছে। নালাগুলো পরিষ্কার করা হচ্ছে বাসিন্দাদের ভালোর জন্য। কিন্তু নালার বর্জ্য রাস্তা ফেলে রাখায় উল্টো দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন নাকে রুমাল চেপে রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে।’
শিশু বিশেষজ্ঞ ও ডেপুটি সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, নালার বর্জ্যে মানবদেহের জন্য ক্ষতিকার ব্যাকটেরিয়া থাকে। ডায়রিয়া, আমাশয়, কৃমিসহ যাবতীয় পেটের পীড়ার জীবাণু বহন করে এসব বর্জ্য। পৌরসভার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত করা উচিত। যেভাবে বর্জ্য রাস্তার ও ফুটপাতে ফেলে রাখা হচ্ছে তাতে এলাকাবাসী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে।
নওগাঁ পৌরসভার ভারপ্রাপ্ত পরিচ্ছন্নতা পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মজিবর রহমান নালার বর্জ্যরে কারণে পৌরবাসী স্বাস্থ্য ঝুঁকিতে থাকার কথা স্বীকার করে সিল্কসিটি নিউজকে বলেন, পৌরসভায় বর্তমানে ময়লা-আবর্জনা ফেলার জন্য পাঁচটি ট্রাক সচল রয়েছে। এ অবস্থায় রাস্তার ওপর কোনো বর্জ্য পড়ে থাকার কথা নয়। পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। পৌরসভার সংরক্ষণ পরিদর্শক (কনজারভেন্সি ইন্সপেক্টর) পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে থাকেন। রাস্তার ওপর ময়লা-আবর্জনা কেন পড়ে থাকছে এ ব্যাপারে তিনিই সঠিক জবাব দিতে পারবেন।

এ ব্যাপারে সংরক্ষণ পরিদর্শক বকুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

স/শ