সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় চালভর্তি ট্রাক ছিনতাই

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
নওগাঁয় চালভর্তি ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ শহরের ট্রাক টার্মিনাল এলাকার দেওয়ান ফিলিং স্টেশনের পাশে থেকে সাভারের অভিমুখে যাওয়ার জন্য অপেক্ষামান চালভর্তি ট্রাক ছিনতাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী চক্র ট্রাক টার্মিনাল এলাকায় দেওয়ান ফিলিং স্টেশনের পাশে অবস্থানরত চালভর্তি ট্রাকের জানালার কাঁচ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নওগাঁ থেকে ট্রাকটি নিয়ে বগুড়া অভিমুখে চলে যায় বলে নৈশ প্রহরীরা জানিয়েছে।

নওগাঁ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, পার-নওগাঁ আড়তদার পট্টির ব্যবসায়ী রতন কুমার সাহার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪৩৯০৯) শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেপুর উপজেলার রঘুনাথ কুন্ডুর মিল থেকে ৩শ বস্তা স্বর্ণা চাল লোড করে নওগাঁয় আসে। শুক্রবার বিকেলে ট্রাকের চালক সম্রাট হোসেন ওই এলাকার ট্রাক প্রহরায় নিয়োজিত নৈশ প্রহরী মন্টু মিয়াকে ট্রাক বুঝে দিয়ে বাড়ীতে চলে যায়। শনিবার ভোরে ট্রাকটি চাল নিয়ে সাভারের তারা মোল্লা রাইস মিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কথা ছিল।

রাত তিন টার দিকে ট্রাকের মালিক মোবাইল ফোনে জানতে পারে যে, নওগাঁ শহরের ট্রাক টার্মিনাল এলাকার দেওয়ান ফিলিং স্টেশনের পাশে থেকে তার চালবোঝাই ট্রাকটি ছিনতাইকারী চক্র ছিনতাই করে নিয়ে গেছে। সাথে সাথে বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগযোগ করে এবং আশে পাশের জেলাগুলোতে খোঁজ করেও গতকাল শনিবার বিকেল পর্যন্ত চাল বোঝাই ট্রাকের কোন সন্ধান পাওয়া যায়নি।

শহরের ট্রাক টার্মিনাল এলাকার দেওয়ান ফিলিং স্টেশনের পাশে ট্রাক প্রহরায় নিয়োজিত নৈশ প্রহরী মন্টু মিয়া জানান, রাতে আড়াইটার দিকে সে দেখে ৪/৫ জন অচেনা মানুষ ট্রাকের ভিতর বসে আছে। সে কোন কিছু বুঝে উঠার আগেরই তারা ট্রাকটি দ্রুতগতিতে বগুড়া অভিমুখে চলে যায়।

গতকাল শনিবার বিকেলে ট্রাকের মালিক রতন কুমার সাহা এ ব্যাপারে অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

ট্রাকের মালিক রতন কুমার সাহা জানান, টাটা মডেলের ওই ট্রাকের মুল্য প্রায় ১০ লাখ টাকা আর চালের মুল্য ৬ লাখ টাকা। দীর্ঘ দিন পর নওগাঁ শহর থেকে আবারো চালসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চাল ব্যবসায়ী ও ট্রাক ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
স/শ