নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার- বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়াকে আদালত শাস্তি দিয়েছে। আদালত যদি সিদ্ধান্ত নেয় তাঁকে মুক্তি দেবে তো সেটা আদালতের সিদ্ধান্ত। তবে আওয়ামী লীগ চায় সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। কাউকে নির্বাচনে রাখা বা বের করে দেওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না।’
আজ শুক্রবার বেলা ১১টায় নওগাঁর পত্মীতলা উপজেলায় ইউনিয়ন নবনির্মিত মা ও শিশু কল্যাণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেছেন, আওয়ামী লীগ কোনো প্রকার ষড়যন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বার বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। আবার গণতন্ত্র যখনই বিপন্ন হতে বসেছে তখনই আমরা আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছি।

খিরসিন বাজারে নির্মিত মা ও শিশু কল্যাণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ডা. কাজি মোস্তফা সারোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ-২ (পত্মীতলা ও ধামইরহাট) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
এদিন উপজেলার খিরসিন বাজার এলাকায় ১০ শয্যা ও মধুইল বাজারে ১০ শয্যার প্রায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে নির্মিত মা ও শিশু কল্যাণকেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থমন্ত্রী।
বিকেলে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেন নাসিম।
জনসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলের নেতা-কর্মীদের এক হয়ে কাজ করতে হয়। এ নির্বাচন একটা চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের অস্তিত্বকে ধরে রাখার লড়াই এ নির্বাচন।’
স/অ










