রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ছেলের বউয়ের পরকীয়ার বলি হলেন ফরিদা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধা শ্বাশুড়ি। ছেলের বউয়ের পরকীয়ার ঘটনা জেনে যাওয়ার কারণে কুপিয়ে হত্যা করেছে ছেলের বউয়ের প্রেমিকসহ কতিপয় দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামের নাপিতপাড়ায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ। নিহত ফরিদা বেওয়া বিশিয়া গ্রামের নাপিতপাড়ার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
আটককৃতরা হলেন, ফরিদা বেওয়ার ছেলে মো: ফরিদুল ইসলাম (২৬), ফরিদুলের স্ত্রী মোছা: ছাবিনা খাতুন (২২) ও একই গ্রামের মৃত-মনছান মোল্লার ছেলে মো: হারুন মোল্লা (৩৫)।
জানা গেছে, এদিন রাতে ফরিদা বেওয়া তার নিজের ঘরে ঘুমিয়ে ছিল। রাতেই সুযোগ পেয়ে ছেলের বউয়ের প্রেমিক শ্বাশুড়ি ফরিদা বেওয়াকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ও দুপুরে লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বা পরক্রিয়ার কারণে তাকে এই নির্মম ভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে বলেন, হত্যার আসল কারণ এখনো জানা যায়নি। তবে আটকৃতদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা যায় অচিরেই আসল কারণ সম্পর্কে জানা যাবে। তিনি আরও বলেন ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
স/শ










