সদ্য প্রকাশিত
নওগাঁ

মহাদেবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ:কবিরাজ গ্রেফতার

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
মহাদেবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ:কবিরাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে অসুস্থ্য মাকে সুস্থ করার নামে প্রতারণার মাধ্যমে ষষ্ঠ শ্রেণী স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক বৃদ্ধ কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সারতা গ্রামে। গত ২৭ জানুয়ারি শনিবার রাতে পুলিশ ওই বৃদ্ধ কবিরাজকে গ্রেফতার করাসহ ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, ওই গ্রামের জনৈক ব্যাক্তির শারীরিক প্রতিবন্ধী স্ত্রীর চিকিৎসা (ঝাড়ফোক) দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে তার ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়েকে (১৩) গত প্রায় ১৫ দিন ধরে একই গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে স্থানীয় একটি মসজিদের মোয়াজিম ও কবিরাজ ইসমাইল হোসেন (৬৫) তার নিজ বাড়ি এবং মাদ্রাসার পরিত্যাক্ত ঘরে ধর্ষন করে। ধর্ষনের ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে তার মা সুস্থ্য হবে না ও তাকে হত্যা করা হবে এমন হুমকি দিয়ে আসছিল কবিরাজ।

ওই কবিরাজের অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় এ ধর্ষনের ঘটনাটি গতকাল শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ওই স্কুল ছাত্রী তার সৎ মা শেফালী খাতুনসহ পরিবারের লোকজনকে জানায়।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর ভাই বাদি হয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই ধর্ষক কবিরাজ ইসমাইল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে রোববার জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই এরশাদ আলী জানান প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
স/শ