সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে হাজারও পরিবার সর্বশান্ত

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৮৩ মিনিট পড়া
নিয়ামতপুরে দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে হাজারও পরিবার সর্বশান্ত

কাজী কামাল হোসেন:
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী অঞ্চলের অধিকাংশ গ্রামের প্রায় হাজার হাজার নিরিহ মানুষ এলাকায় সংঘবন্ধ দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে। এর মধ্যে কেউ ভিটে-মাটি হারিয়ে নিরুদ্দেশ হয়েছে। দাদন ব্যবসা সামাজিক ব্যাধি হলেও আইন প্রয়োগে প্রশাসন মহলের রহস্যজনক নিরবতা এলাকার সচেতন ব্যক্তিদেরকে ভাবিয়ে তুলছে।

উপজেলার দাদন কবলিত গ্রামগুলো হলো সাদাপুর, আদমপুর, মহিশো, লতিফপুর সহ আরো বেশ কয়েকটি গ্রাম। এসব গ্রামের ৩০ভাগ লোকের আয়ের প্রধান উৎস হলো দাদন ব্যাবসা। খড়িবাড়ী অঞ্চলের লোক এ ব্যবসাকে পেশা হিসাবে ধরে নিয়েছে।

ভূক্তভোগীদের সাথে আলাপ করে জানা যায়, দাদন ব্যবসাসায়ীরা মাসিক শতকরা ৪০% হারে সুদ নেয়। কোন মাসে সুদ পরিশোধ করতে না পারলে পরবর্তী মাসে আসলের সাথে তা যোগ হয়। তেমনি ভুক্তভোগীদের কয়েকজনের সাথে এ প্রতিবেদকের সরাসরি কথা হয়।

উপজেলার আদমপুর গ্রামের মতিউর রহমান, তিনি বলেন, আমার ছেলে মাসুদ রানা লতিফপুর গ্রামের (বর্তমানে রাজশাহীতে বসবাসরত) আঃ সাত্তারের নিকট থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা সুদের উপর নিয়েছিল। জামানত হিসাবে ফাঁকা ব্যাংকের চেক প্রদান করেছিল। আমার ছেলে সমুদয় টাকা পরিশোধ করার পরেও ফাঁকা চেক থাকায় ৭ লক্ষ টাকার মিথ্যে চেক জালিয়াতির মামলা দায়ের করে। এতে আমার ছেলে বর্তমানে জেল হাজতে রয়েছে।

সাদাপুর গ্রামের সমসের আলীর ছেলে কোরবান আলী। তিনি বলেন, আমি ১ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছিলাম একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কামালের নিকট থেকে, ১ লক্ষ ৭০ হাজার পরিশোধ করার পরেও আমার বিরুদ্ধে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির মিথ্যে মামলা দেয়। তাও আবার কামাল নয়। আমার স্বাক্ষরকৃত ফাঁকা চেক সাদাপুর গ্রামের নুর মোহাম্মাদের ছেলে জাহিদ হাসান কিনে নিয়ে সে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। যার সাথে আমার কোন লেনদেন নাই।

আদমপুর গ্রামের কছিমুদ্দিনের ছেলে একরামূল হক। সে টাকা নিয়েছিল ৪০ হাজার টাকা, পরিশোধ করে ৯৫ হাজার টাকা। তারপরেও স্বাক্ষরকৃত ফাঁকা চেক থাকার কারণে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির মিথ্যে মামলা দায়ের করে। একরামূল হক বর্তমানে ভিটেমাটি হারিয়ে নিরুদ্দেশ হয়েছেন। দাদন ব্যবসায়ীদের অত্যাচারে এলাকার সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, চকপাহাড় গ্রামের মাইনুর রহমান এলাকা ছাড়া।

সংশ্লিষ্ট এলাকার আব্দুস সাত্তার, তানভীর, কামালসহ আরো অনেকে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে এই দাদন ব্যবসা। দেশের প্রত্যন্ত এলাকার অভাবী মানুষদের সরলতার সুয়োগ নিয়ে নির্বিঘেœ চালিয়ে যাচ্ছে দাদন ব্যবসা। ব্যবসাটা এমন ভাবে নিয়েছে যে, এ কাজটি নিন্দনীয় বলে তারা মনে করে না। এসব দাদন ব্যবসায়ীর খপ্পরে যারা এক বার পড়েছে তাদের বের হওয়ার কোন উপায় নেই। দিনেদিনে দেনার পরিমান কেবল বেড়েই চলেছে। অনেকেই ভিটে-মাটি, জমি-জমা বিক্রি করে ওই দেনা শোধ করতে সর্ব শান্ত হতে হয়েছে। অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এবং তারা ফাঁকা চেকের বিনিময়ে টাকা গ্রহণ করেছিলেন। অর্থ পরিশোধে ব্যর্থ হলেই চেকে ইচ্ছেমত টাকার অংক বসিয়ে থানা/কোর্টে মামলা করে হয়রানী করা হচ্ছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, দাদন ব্যবসায়ীদের যোগানদাতা রাজশাহীর এবং খড়িবাড়ী অঞ্চলে তার এজেন্ট রয়েছে। যাদের মাধ্যমে আর্থিক লেনদেন হয়ে থাকে। মাসের শেষে নির্ধারিত তারিখে সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে এলাকার সংগঠিত দাদন ব্যবসায়ীরা এক যোগে ঋণগ্রহীতার বাড়িতে এসে নানা ধরনের ভয় ভিতি দেখায়। ফলে, দাদন দাতাদের ভয়ে পালিয়ে থাকায় সাংসারিক কাজ-কর্মও তারা ঠিকমত করতে পারেনা।

নিয়ামতপুরে দাদন ব্যাবসার দস্যুবিত্তি সম্পর্কে সর্ব মহল অবগত থাকলেও প্রতিরোধের সামান্য টুকুও পদক্ষেপ না থাকায় সমাজে সংশ্লিষ্ট দাদন ব্যাবসায়ীদের দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে।
স/শ