নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের চকএনায়েত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের এবং বেলা সাড়ে ১১টায় জেলা স্কুল, বেলা ১২টায় কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক স্তরের বই বিতরণ করা হয়।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এসব বই বিতরন অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা, জেলা শিক্ষা অফিসার এস এম মুসলিম উদ্দিন, সহকারী জেলা শিক্ষা অফিসার নীলিমা আকতার জাহান এবং চকএনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোঃ বখতিয়ার ইনাম ববিন বক্তব্য রাখেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা জানিয়েছেন জেলায় প্রাথমিক পর্যায়ে সরকারী ১৩৬৯, কেজি ৩২৭, পরীক্ষণ ১ এবং অন্যান্য ৩৪৯সহ মোট ২ হাজার ৪৬টি বিদ্যালয়ের ২ লাখ ৬৭ হাজার ৮৫ জন ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরনের লক্ষ্য নিয়ে এই বই বিতরন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এসব ছাত্রছাত্রীদের মধ্যে মোট বই বিতরন করা হচ্ছে ১৩ লাখ ৮১ হাজার ৪২৫টি। এ ছাড়াও বদলগাছি ও সাপাহার উপজেলায় তিনটি বিদ্যালয়ের জন্য সাদরি ভাষায় শিশু ও ১ম শ্রেণির ৩৭৬টি বই বিতরণ করা হচ্ছে।

অপরদিকে জেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নিলীমা আখতার জাহান জানিয়েছেন জেলার ৩০৮টি উচ্চ বিদ্যালয়ের মোট ২ লাখ ৭০ হাজার ৬৫৬ জন ছাত্রছাত্রীদের মধ্যে মোট বইয়ের চাহিদা ৩৫ লাখ ১০ হাজার ৭৬০টি। এর মধ্যে বিতরনের জন্য বই সরবরাহ পাওয়া গেছে ৩৩ লাখ ৯১ হাজার ৪৪টি বই। চাহিদার শতকরা ৯৭ ভাগ বই পাওয়া গেছে এবং সেগুলো জেলায় বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশসাক ড. মোঃ আমিনুর রহমান জানিয়েছেন জেলা সদরের মত জেলার ১১টির উপজেলায় একইভাবে বই উৎসব চলছে।
স/শ










