নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় জেলা সদরে অবস্থিত সরকারী মৎস্য উৎপাদন খামারে অবকাঠামো নির্মানে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যপারে স্থানীয় সাংবাদিকরা খোঁজখবর নিতে গেলে তথ্য দিতে গড়িমসি করে তাদের সাথে দুর্ব্যাবহার করেছেন মৎস্য খামার ব্যবস্থাপক।
জানা গেছে, শহরের দক্ষিন প্রান্তে দুবলহাটি সড়কে সরকারী এই মৎস্য খামারের অবস্থান। এই খামারে অনেকগুলো পুকুর রয়েছে যেগুলোতে পোনা উৎপাদন করে মৎস্যচাষীদের মধ্যে বিক্রি করা হয়। সম্প্রতি এসব পুকুর উন্নয়নে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই অর্থে পুকুরগুলোর গাইডওয়াল নির্মানের মাধ্যমে রক্ষনাবেক্ষন করার প্রকল্প।
কিন্তু খামার ব্যবস্থাপক কোন টেন্ডার না করেই কিংবা কোন ঠিকাদারী প্রতিষ্ঠানকে না দিয়েই নিজ উদ্যোগে অবকাঠামো নির্মান শুরু করেন। এ ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। কোন পরিকল্পনা ছাড়াই নির্মান কাজ সম্পন্ন করা হচ্ছে বিধায় এই কাজের স্থায়িত্ব নিয়ে জনমনে ব্যপক প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যপারে উক্ত খামার ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এলজিইডি এই কাজ করছে। এলজিইডি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে তারা এই প্রকল্প বাস্তবায়ন করছেনা। পুনরায় এ ব্যপারে খামার ব্যবস্থাপক মাহফুজুর রহমানের নিকট এই হয়রানীর কারন জানতে চাইলে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হান্নানের নিকট এ ব্যপারে জানতে চাইলে এই প্রকল্প সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে তিনি জানান।
উল্লেখ্য, এই খামার ব্যবস্থাপক বিগত ১৫ বছর ধরে এই খামারে একনাগারে চাকুরী করছেন। মাঝখানে তাকে অন্যত্র বদলী করা হলে সে বদলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে বদলী ঠেকিয়ে রেখেছে। মামলা করে বদলী ঠেকিয়ে রাখা দৃষ্টান্তমুলক।
স/অ










