সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ৬ পরিবার একঘরে: ৫দিন ধরে বাড়ি ছাড়া

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৭৪ মিনিট পড়া
রাণীনগরে ৬ পরিবার একঘরে: ৫দিন ধরে বাড়ি ছাড়া

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর রাণীনগরে পীরপালের বিবাদবাদ সম্পত্তির জিম্মাদার হওয়াকে কেন্দ্র করে সামাজিক বৈঠকে কতিপয় প্রভাবশালী মোড়লদের নির্দেশে ৬ পরিবারকে গত ৫ দিন ধরে একঘরে (সমাজচ্যুত) করে রাখা হয়েছে। ভোক্তভোগি ৬ পরিবারকে চলাফেরা, জমির পাকা ধান কাটা, বীজ তলা তৈরি সহ নানান কাজে বাধা দিয়ে প্রাণনাশের হুমকি প্রদর্শন করায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুরুষ মানুষ গুলো জীবন বাঁচানোর তাগিদে নিজ নিজ স্বজনদের বাড়িতে আশ্রয় নিলেও মহিলাদেরকেও পারিবারিক কাজে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

বিষয়টি জানতে পেরে স্থাণীয় সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে একঘরে করা মূলহোতা আবু সালেহ, কিবরিয়া গং রা পেশাগত কাজে বাধা সহ অসৌজন্য মূলক আচরণ করে। একঘরে করার ঘটনার পর রাণীনগর থানাপুলিশকে ক্ষতিগ্রস্তরা নিরাপত্তা চেয়ে লিখিত ভাবে জানালেও অজানা কারণে প্রভাবশালী সমাজ্রপতিদের বিরুদ্ধে পুলিশ কোন আইনী পদক্ষেপ গ্রহণ না করায় তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। এক পর্যায়ে লোক দেখানোর জন্য ঘটনার পাঁচ দিন পর শুক্রবার রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠালে ঘটনার সত্যতা পাওয়ার পরও পুলিশী ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় অস্থিত্বের লড়াইয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। রাণীনগর থানাপুলিশ নির্যাতিত পরিবারের মামলা নিতে গরিমসি করায় তারা বাধ্য হয়ে নওগাঁর পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন।

জানা গেছে, উপজেলার একডালা ইউনিয়নের টুং গ্রামের আকন্দপাড়ার মহরম আলীর ছেলে সাদেক আলী আকন্দ এর সাথে টুং মৌজার ১২৪ নম্বার খতিয়ানের প্রায় এক একর ৭৬ শতক পীরপালের জমির জিম্মাদার নিয়ে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রউফ, গোলাম কিবরিয়া, রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে আবু সালেহ, মৃত রওশন আলী ছেলে মতিউর রহমান, বেলায়েত আলীর ছেলে হাবিবুর রহমান সহ ওই গ্রামের আরোও ১৫/১৬ জন ব্যক্তিদের বিবাদ চলছিল। এক পর্যায়ে ১৫/২০ দিন আগে ওই সম্পত্তির উপর গাছ-পালা, বাঁশ-ঝাড় কাটা সহ পুকুরে চাষকৃত মাছ জোরপূর্বক মেরে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রভাবশালী আব্দুর রউফ গংরা।

এ বিষয়ে সাদেক আলী গং কয়েকবার তাদের নিষেধ করলে প্রভাবশালী রউফ গং তা না মেনে উল্টো তারা ৫ ডিসেম্বর সোমবার রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক সামাজিক বৈঠকের আয়োজন করে। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আলা-উদ্দিন আলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিবাদমান ওই সম্পত্তির জিম্মাদার ছেড়ে দেওয়ার জন্য সাদেক আলী গং দের উপর অলিখিত নির্দেশ জারি করে। এতে তারা অসম্মতি জানালে সাদেক আলী সহ ৬ পরিবারকে ওই দিন থেকেই একঘরে করার রায় ঘোষণা দেওয়া হয়।

এরপর থেকে একঘরে ৬ পরিবারের জমিতে পাকা ধান কাটা, বীজতলা তৈরি, সমাজে চলাফেরাসহ নানান কাজে বাধা প্রয়োগ করে। এমনকি বাড়ির বাহিরে বের হলেই দেশীয় অস্ত্র লাঠি-সোঠা দিয়ে মার-মুখিসহ প্রাণনাশের হুমকি দেওয়ায় নিজ বাড়ি-ঘর ছেড়ে পুরুষরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াাচ্ছে।

গত ৭ ডিসেম্বর থানাতে লিখিত অভিযোগ করার পরও পুলিশ কোন ব্যবস্থা না করায় আব্দুর রউফ গং এখন অতিউৎসাহী হয়ে সাদেক গং দেরকে পৈত্রিক বসত বাড়ি থেকে উচ্ছেদের পাইতারা করছে।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে রউফ গং পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। বিষয়টি রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: এএসএম সিদ্দিকুর রহমানকে জানালে উল্টো তিনি বয়ান দেন, আমাকে না জানিয়ে কেন আপনারা ঘটনাস্থলে গেলেন?

একঘরে পরিবারের সদস্য সাদেক আলী ও তার ছেলেরা শনিবার সকাল ১০ টায় রাণীনগর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে কান্না বিজরিত কন্ঠে সাংবাদিকদের জানান, আমরা কি এই দেশের নাগরিক হিসেবে বাঁচার জন্য আইনের সহযোগীতা পাব না? থানায় প্রায় ৫ দিন আগে আমাদের বিষয়টি লিখিত ভাবে জানানোর পরও প্রভাবশালী সমাজপতিদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নেওয়াই জীবন বাঁচাতে এখন বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেরাচ্ছি। মামলা করার আশায় দিনভর থানায় বসে থাকলেও ওসি সাহেব উল্টো আমাদেরকে বলে, একঘরে বলে কোন শব্দ নেই!

একঘরে করার মূলহোতা আবু সালেহ সিল্কসিটি নিউজকে জানান, পীরপালের ওই সম্পত্তি নিয়ে মতিউর রহমান দুলুর নের্তৃত্বে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলামের কাছে প্রায় এক মাসে একটি লিখিত অভিযোগ দেয়। কয়েক দফা শুনানির পর উভয় পক্ষের মধ্যে আপোষ নামার ভিত্তিতে গাছ-পালা কেটে বিক্রয় এর অর্থ আমাদের মসজিদের উন্নয়নে ব্যবহারের সিদ্ধান্ত হয়। এটাই সাদেক আলী না মেনে উল্টো তাকে একঘরে করা হয়েছে বলে গুজব ছড়াচ্ছে।

রাণীনগর থানার এএসআই ও যাত্রাপুর ক্যাম্পের ইনচার্জ হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে গ্রামের বেশকিছু লোক এক পক্ষ হওয়ার কারণে অনেকেই সঠিক কথা বলতে চাচ্ছে না। পরিদর্শন শেষে ঘটনার মূল কাহিনী গুলো আমার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।
স/শ