আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার সুটকিগাছা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সুটকিগাছা সুইচগেটের পাশ থেকে ২ কেজি আড়াই শত গ্রাম গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত. আব্দুল লতিফের ছেলে মোঃ আইদুর রহমান (৫০)।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাইদার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুটকিগাছা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি আড়াই শত গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ










